মি-টু আন্দোলনের পর বুঝেছি আমিও যৌন হয়রানির শিকার হয়েছি : স্বরা ভাস্কর

স্বরা ভাস্কর
বলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী স্বরা ভাস্কর। বরাবরই যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। এবার নিজের ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত ও ভয়াবহ অভিজ্ঞতার কথা জনসমক্ষে আনলেন তিনি।
দ্য ফ্রি প্রেস জার্নালের সঙ্গে এক সাক্ষাৎকারে স্বরা জানান, ২০১১ সালে মধ্যপ্রদেশের পাঁচমারিতে একটি সিনেমার শুটিং চলাকালীন ছবির পরিচালকের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন তিনি।
‘তনু ওয়েডস মনু’ মুক্তি পাওয়ার পরপরই যখন বলিউডে নিজের জায়গা পাকা করার লড়াই করছিলেন বিশের কোঠার তরুণী স্বরা, ঠিক তখনই ঘটে এই ঘটনা। আউটডোর শুটিংয়ের প্রথম কয়েক দিনের মধ্যেই পরিচালকের আচরণে চরম অস্বস্তিতে পড়েন তিনি। স্বরা জানান, সে সময় তার কোনো ব্যক্তিগত টিম বা ইন্ডাস্ট্রিতে তেমন কোনো অভিভাবক ছিল না।
অভিনেত্রী আক্ষেপ করে বলেন, “ঘটনাটি যখন ঘটছিল, তখন আমি বুঝতেই পারিনি যে ওটা কর্মক্ষেত্রে যৌন হয়রানি। কারণ লোকটি আমাকে সরাসরি শারীরিকভাবে স্পর্শ করেননি। কিন্তু অনেক বছর পর যখন ‘মিটু’ আন্দোলন শুরু হলো এবং অন্যান্য নারীদের অভিজ্ঞতার কথা পড়লাম, তখন আমি চমকে উঠে ভাবলাম, ওহ মাই গড! আমার সাথে যা ঘটেছিল, সেটা তো সম্পূর্ণরূপে যৌন হয়রানি।”
৫৬ দিনের লম্বা শুটিং শিডিউল ছেড়ে চলে গেলে ক্যারিয়ারের বড় ক্ষতি হতে পারে, এই ভয়ে শুরুতে কাজ ছাড়তে চাননি স্বরা। তার কথায়, ‘আমারও তো নিজের স্বপ্ন আর উচ্চাকাঙ্ক্ষা ছিল, কেন আমি কাজ হারাব?’
তবে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে তিনি ছবির নির্বাহী প্রযোজকের দ্বারস্থ হন। সেই প্রযোজকই ঢাল হয়ে স্বরাকে রক্ষা করেন এবং বাকি শুটিং নির্বিঘ্নে শেষ করতে সাহায্য করেন। মজার বিষয় হলো, বিপদের দিনের সেই বন্ধু আজও স্বরা ভাস্করের ম্যানেজার হিসেবে তার সঙ্গেই আছেন।
নতুন প্রজন্মের মেয়েদের উদ্দেশে স্বরার কড়া বার্তা, কর্মক্ষেত্রে নিজের সীমারেখা বুঝুন, ভয় না পেয়ে সাহায্য চান এবং অন্যায় দেখলেই তাৎক্ষণিক প্রতিবাদ করুন।




