বিতর্কিত পোশাক নিয়ে মুখ খুললেন কৃতি স্যানন

কৃতি স্যানন
একটি বিজ্ঞাপনে পরা পোশাক নিয়ে নিউজ চ্যানেলের প্রাইম টাইমের টকশোতে ঘণ্টার পর ঘণ্টা বিতর্ক চলেছিল। এমন কাণ্ডে কেবল অবাকই হননি, বরং রীতিমতো হতবাক হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন।
সম্প্রতি কারিনা কাপুর খানের জনপ্রিয় টকশো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এর ট্রেলারে সেই আলোচিত পোশাক বিতর্ক নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।
চলতি বছরের শুরুর দিকে জুয়েলারি ব্র্যান্ড ‘জিভা’-র একটি বিজ্ঞাপনে ডিপ-নেকলাইনের ব্র্যালেট-স্টাইলের ব্লাউজ ও স্কার্ট পরে দেখা গিয়েছিল কৃতিকে।
আর তাতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন সামাজিক মাধ্যমের একাংশের নেটিজেনরা। অভিযোগ ওঠে, রাখি বন্ধন উৎসবে এমন খোলামেলা পোশাক পরা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী।
বিতর্ক আরও উসকে দিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউত তীব্র খোঁচা মেরে লিখেছিলেন, ‘নিজের ভাইকে রাখি পরানোর সময় কেউ কেন বিকিনি বা অন্তর্বাস পরবে? এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা অদ্ভুত প্রচার।’
কারিনার টকশোতে এসে সেই দিনগুলোর স্মৃতিচারণ করে কৃতি হেসে বলেন, ‘আমার বিশ্বাসই হচ্ছিল না যে, আমার পরা ব্লাউজ নিয়ে নিউজ চ্যানেলে রাতারাতি ছয়জনের প্যানেল নিয়ে লাইভ আলোচনা শুরু হয়ে গেছে।’ জবাবে সহমর্মিতা জানিয়ে কারিনাও বলেন, ‘আমি জানি।’
পোশাক নিয়ে চরম ট্রলিংয়ের শিকার হলেও চুপ থাকেননি কৃতি। সেসময়ই নেটিজেনদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি লিখেছিলেন, ‘অন্য একজন নারী কী পোশাক পরবে তা নিয়ে মানুষের এত মাথাব্যথা কেন? নিজের মানসিকতার বিকাশ ঘটান। আমি রাখি পরিয়েছি, আমার নিজের যেখানে কোনো আপত্তি নেই, সেখানে অন্যদের এত সমস্যা কিসের? উৎসবের পবিত্রতা পোশাকে থাকে না, থাকে আবেগে।’
এমনকি বোনের সঙ্গে রাখি পরা ছবি শেয়ার করে সমালোচকদের ‘রাখি ফ্যাশন কমিটি’ বলেও কটাক্ষ করেছিলেন কৃতি।
পডকাস্টের ট্রেলারের শেষভাগে কারিনা যখন জিজ্ঞেস করেন, ‘আসলে নারীরা কী চায়?’—মুহূর্তেই কৃতির স্পষ্ট জবাব, ‘নারীরা চায় যেন তাদেরকে অহেতুক বিচার করা বন্ধ করা হোক, আর মানুষ যেন নিজের চরকায় তেল দেয়।’
কৃতিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়।




