শ্রদ্ধার সঙ্গে একই দিনে সিনেমা মুক্তি, দুঃখ প্রকাশ করে ফোন করেছিলেন সালমান

সালমান খান ও শ্রদ্ধা কাপুর
বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘ঈঠা’ একই দিনে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৪ ডিসেম্বর সিনেমা দুটি প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। একই দিনে দুই সিনেমার মুক্তি নিয়ে এবার মুখ খুলেছেন সালমান। জানিয়েছেন, বিষয়টি আগে জানা থাকলে শ্রদ্ধার সিনেমার সঙ্গে নিজের ছবির মুক্তি দিতে চাইতেন না তিনি। এ জন্য শ্রদ্ধাকে ফোন করে দুঃখ প্রকাশও করেছেন এ অভিনেতা।
সম্প্রতি হায়দরাবাদে এবিপি আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমা দুটির মুক্তির তারিখ নিয়ে কথা বলেন সালমান। সেখানে তিনি জানান, নিজের সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত করার সময় শ্রদ্ধার ছবির বিষয়টি তার জানা ছিল না।
সালমান বলেন, ‘আমরা যখন ৪ ডিসেম্বর মুক্তির তারিখ ঘোষণা করি, তখন জানতাম না শ্রদ্ধার সিনেমাটিও ওই দিন মুক্তি পাচ্ছে। বিষয়টি নিয়ে আমার সত্যিই খুব খারাপ লাগছে। আগে জানলে শ্রদ্ধার সিনেমার সঙ্গে একই দিনে আমার ছবিটি মুক্তি দিতাম না।’
শুধু দুঃখ প্রকাশ করেই থেমে থাকেননি সালমান। শ্রদ্ধাকে নিজেই ফোন করেছিলেন তিনি। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি শ্রদ্ধার সঙ্গে কথা বলেছি। তাকে ফোন করেছিলাম। ওদের বড় হতে দেখেছি আমি। ফোনে বলেছি, আমি সত্যিই দুঃখিত, বিষয়টি আমার জানা ছিল না।’
জবাবে শ্রদ্ধা তাকে আশ্বস্ত করেছেন বলেও জানান সালমান। অভিনেতার ভাষ্য, শ্রদ্ধা তাকে বলেছেন, ‘না না স্যার, আমাদের দুই সিনেমার জন্যই যথেষ্ট জায়গা রয়েছে।’ শ্রদ্ধার এমন উত্তরে খুশি হয়েছেন সালমান। তিনি বলেন, ‘খুব ভালো, এটা শুনে আমি খুশি হয়েছি।’
এ সময় দর্শকদের শ্রদ্ধার সিনেমা ‘ঈঠা’ দেখার আহ্বানও জানান সালমান। তিনি বলেন, ‘আমার মনে হয়, সবারই সিনেমাটি দেখতে যাওয়া উচিত।’
অনুষ্ঠানে নিজের সিনেমার মুক্তির তারিখ নির্ধারণের পেছনের কারণও ব্যাখ্যা করেন সালমান। জানান, শুরুতে ২০ নভেম্বর মুক্তির পরিকল্পনা থাকলেও ভিএফএক্সের কিছু কাজ নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। পরে ২৭ নভেম্বর মুক্তির কথা ভাবা হয়। কিন্তু ওই তারিখে সূরজ বরজাতিয়ার সিনেমা মুক্তির কথা থাকায় সিদ্ধান্ত পরিবর্তন করেন।
সালমান বলেন, ‘সূরজের সঙ্গে একই দিনে আমার সিনেমা মুক্তি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপর সানি দেওলের সিনেমা আসছিল। তার সঙ্গেও মুক্তির তারিখ নিয়ে সংঘাতে যেতে চাইনি। আর শাহরুখ খান ২৪ ডিসেম্বর তার মেয়ে সুহানাকে নিয়ে সিনেমা মুক্তি দিচ্ছেন। শাহরুখের সঙ্গে তো কোনোভাবেই একই দিনে সিনেমা মুক্তি দিতে চাই না।’
সালমানের ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। সিনেমাটিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘাত থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে যুদ্ধভিত্তিক সিনেমাটি।
অন্যদিকে লক্ষ্মণ উতেকার পরিচালিত ‘ঈঠা’ নির্মিত হয়েছে ভারতের ঐতিহ্যবাহী লাবণী ও তামাশা শিল্পের পরিচিত মুখ বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে। এতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আয়ুব ও সিদ্ধার্থ যাদব।
আগামী ৪ ডিসেম্বর একই দিনে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা দুটি। বক্স অফিসে দুই ছবির লড়াইয়ের পাশাপাশি সালমানের এমন সৌজন্যপূর্ণ অবস্থানও আলোচনায় এসেছে।






