স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে দীপিকা

দীপিকা পাড়ুকোন
বলিউডের সবচেয়ে চর্চিত ও জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালে তাদের ঘর আলো করে এসেছিল প্রথম সন্তান, এক ফুটফুটে কন্যা দুয়া। গতকাল ছিল ছোট্ট দুয়ার দুই বছরের জন্মদিন। আর এ বিশেষ দিনেই ভক্তদের জন্য এক দারুণ চমক নিয়ে হাজির হলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং।
দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন। ইনস্টাগ্রামে পোস্ট করা একঝাঁক আবেগপূর্ণ ছবিতে প্রকাশ্যে এলো দীপিকার বেবি বাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা সাদা-কালো ছবিগুলোয় দেখা যাচ্ছে, উজ্জ্বল হাসিতে ফুটে উঠেছেন অন্তঃসত্ত্বা দীপিকা। ভালোবেসে তার বেবি বাম্প আগলে রেখেছেন স্বামী রণবীর সিং, আর সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের দুই বছরের ছোট্ট রাজকন্যা দুয়া।
চলতি বছরের ১৯ এপ্রিল এক যৌথ বার্তার মাধ্যমে দ্বিতীয়বার বাবা-মা হতে যাওয়ার এই মিষ্টি খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করেন দীপিকা ও রণবীর। ছবিতে দেখা যায়, ছোট্ট দুয়া হাতে ধরে রয়েছে একটি ‘পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট’ কিট। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে দুয়ার জন্ম হয়েছিল।
২০১৭ সালে এক সাক্ষাৎকারে দীপিকা তার মা হওয়ার সুপ্ত বাসনা প্রকাশ করে বলেছিলেন, ‘মৃত্যুর আগে একটি স্বপ্ন আমি অবশ্যই পূরণ করতে চাই, আর তা হলো একটি বড় পরিবার। আমার কোলের চারপাশে যেন তিনটি ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করে খেলে বেড়ায়।’ প্রথম সন্তানের পর এবার দীপিকার সেই স্বপ্নের দ্বিতীয় ধাপ পূরণ হতে চলেছে।
কাজের দিক থেকেও থেমে নেই এই দুই তারকা। দীপিকাকে খুব শিগগিরই দেখা যাবে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ এবং অ্যাটলির পরিচালিত ‘রাকা’ সিনেমায়, যেখানে তার বিপরীতে থাকছেন দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন।
অন্যদিকে রণবীর সিং মাতিয়েছেন ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমায় এবং খুব শিগগিরই অভিনয় করতে যাচ্ছেন সাইফাই-থ্রিলার সিনেমা ‘প্রলয়’-এ।
২০২৪ সালের ‘সিংহাম এগেইন’-এর পর বড় পর্দায় আপাতত তাদের একসঙ্গে দেখা না গেলেও, বাস্তবে তাদের এই মিষ্টি সংসার বলিউডের অন্যতম চর্চিত বিষয়।









