নায়িকাকে দেখতে গিয়ে হুলস্থুল কাণ্ড, ভাঙল গাড়ির কাচ

কাজল রাঘবানি
ভারতের ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘবানির গাড়িতে হামলার ঘটনা ঘটেছে ভারতের বিহারের বিহার শরিফে। একটি জুয়েলারি শোরুম উদ্বোধন করতে সেখানে গিয়েছিলেন অভিনেত্রী। তাকে দেখতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে কাজলকে বহনকারী গাড়িকে ঘিরে ধরে ভিড়। পরে গাড়িতে পাথর ছোড়ার ঘটনাও ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
২০ সেপ্টেম্বর প্রকাশিত মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, শোরুম উদ্বোধন শেষে কাজলকে নিরাপদে বের করে আনার চেষ্টা করা হলে বিপুলসংখ্যক মানুষ তার গাড়ির পেছনে ছুটতে শুরু করেন। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাকর্মীরা কাজলকে সেখান থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, তাকে প্রথমে নিরাপদ স্থানে নেওয়া হয় এবং পরে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় সেখান থেকে বের করে দেওয়া হয়।
এদিকে ঘটনার পর সামাজিকমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে কাজল জানান, তিনি নিরাপদে আছেন। ভক্তদের উদ্বিগ্ন না হওয়ারও আশ্বস্ত করেন তিনি।
ঘটনাটি ঘটে বিহার শরিফের নালা রোড এলাকায় একটি জুয়েলারি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে। কাজলের উপস্থিতির খবর পেয়ে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। তাকে দেখা ও ছবি তোলার জন্য অনেকে ভিড়ের মধ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাকর্মীদের হিমশিম খেতে হয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের অনুমতি নিয়ে প্রশ্ন রয়েছে। পুলিশ এ বিষয়ে তথ্য সংগ্রহ করছে। তবে শোরুম কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আয়োজনের বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছিল।
ঘটনার কারণে অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনও স্থগিত করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। কাজল রাঘবানি বর্তমানে ভোজপুরি সিনেমার পাশাপাশি রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল ২’-এর নতুন মৌসুমেও অংশ নিচ্ছেন।





