সাবেক স্ত্রীর বিয়ে পড়ালেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টোবি ম্যাগুয়ার

বিয়ে পড়াচ্ছেন টোবি ম্যাগুয়ার
হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ারের সাবেক স্ত্রী ও গয়না ডিজাইনার জেনিফার মেয়ার বিয়ে করেছেন সংগীত নির্বাহী জিওফ্রে ‘জিওফ’ ওগুনলেসিকে। তবে এ বিয়েতে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে টোবি ম্যাগুয়ারের ভূমিকাই। সাবেক স্ত্রীর নতুন বিয়ের অনুষ্ঠানে শুধু অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন না; বরং তিনিই বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করেছেন।
গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ৪৯ বছর বয়সী জেনিফার ও ৩৪ বছর বয়সী জিওফ। অনুষ্ঠানে জেনিফারের সাবেক স্বামী টোবি ম্যাগুয়ারকে নবদম্পতির বিয়ে পড়াতে দেখা যায়। বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জিওফ্রে ওগুনলেসি নাইজেরিয়ান ধনকুবের, আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। তিনি সংগীত ও বিনোদন জগতের সঙ্গে যুক্ত এবং দ্য ওগুনলেসি গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। জেনিফার ও জিওফের সম্পর্কের শুরু ২০২৩ সালে। ২০২৪ সালের আগস্টে তারা বাগদানের ঘোষণা দেন। চলতি বছরের মে-জুনে এই দম্পতির ঘরে একটি কন্যাসন্তানও জন্ম নেয়।
এর আগে ২০০৭ সালে টোবি ম্যাগুয়ারকে বিয়ে করেছিলেন জেনিফার মেয়ার। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। ২০২০ সালে জেনিফার আনুষ্ঠানিকভাবে বিয়েবিচ্ছেদের আবেদন করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর চলতি বছরের ২১ সেপ্টেম্বর তাদের বিয়েবিচ্ছেদ চূড়ান্ত হয়। অর্থাৎ বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সাবেক স্ত্রীর নতুন বিয়ের অনুষ্ঠানে বিশেষ ভূমিকায় দেখা গেল ‘স্পাইডার-ম্যান’ তারকাকে।
টোবি ও জেনিফারের দুই সন্তান রয়েছে। মেয়ে রুবি সুইটহার্টের বয়স ১৯ বছর এবং ছেলে ওটিস টোবিয়াসের বয়স ১৭ বছর। তারা দুজনই মায়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেনিফার ও জিওফের ঘরে জন্ম নেওয়া কন্যাসন্তানও এই নতুন পারিবারিক আয়োজনে যুক্ত হয়েছে।
বিচ্ছেদের পরও টোবি ও জেনিফারের সম্পর্ক তিক্ত হয়নি। সন্তানদের কেন্দ্র করে তারা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন। চলতি বছরের মে মাসে পিপল-কে এক সাক্ষাৎকারে জেনিফার জানিয়েছিলেন, তারা ছুটি, জন্মদিনসহ বিভিন্ন পারিবারিক আয়োজন একসঙ্গে করেন এবং সন্তানদের বড় করার ক্ষেত্রে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও বন্ধুত্ব বজায় রেখেছেন।
জেনিফার ও জিওফের বিয়েতে হলিউড ও ব্যবসায়ী জগতের বেশ কয়েকজন তারকা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিটোরিয়া চেরেত্তি, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস, কোর্টেনি কক্স, র্যাচেল জো এবং কেট হাডসনসহ আরও অনেকে।
তবে তারকাখচিত এই আয়োজন ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন টোবি ম্যাগুয়ার। সাবেক স্ত্রীর নতুন জীবনের গুরুত্বপূর্ণ দিনে তারই হাতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়াকে হলিউডের অন্যতম ব্যতিক্রমী সম্পর্কের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।





