আগের নির্ধারিত সময়েই জাবির ভর্তি পরীক্ষা

সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বললেন, ‘আমাদের পূর্বনির্ধারিত সময়সূচি ও শিডিউল এখনো বহাল রয়েছে। আমরা সে অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এ বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত এলে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।’
উপ-উপাচার্য আরও বললেন, উপাচার্য বর্তমানে বিদেশে অবস্থান করছেন। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে এর মধ্যেও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ও প্রস্তুতির কাজ চালিয়ে যেতে হবে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির প্রথম সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১০ থেকে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত শুক্র ও শনিবার ছাড়া অন্যান্য দিন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



