এইউবিতে ড. এনামুল হক আজাদের স্মরণসভা

সংগৃহীত ছবি
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এইউবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মরহুম ড. মুহাম্মদ এনামুল হক আজাদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের আয়েশা মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোশারফ হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. এ. এস. এম. ইকবাল হোসেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মাদ জাফার সাদেক।
অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. রাশেদুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অ্যালামনাই এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা ড. মুহাম্মদ এনামুল হক আজাদের শিক্ষকতা, শিক্ষা ও গবেষণায় অবদান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের উন্নয়নে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধে তাঁর অবদান দীর্ঘদিন শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন তারা।
অনুষ্ঠানে পরিবারের সদস্য, সহকর্মী, শিক্ষার্থী ও অ্যালামনাই সদস্যরা মরহুমের স্মৃতিচারণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. হাসান ঈমাম ভূঞা।



