বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০১ গুণী শিক্ষক পাচ্ছেন বিশেষ সম্মাননা

প্রতীকী ছবি
জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সারা বিশ্বের সঙ্গে সংগতি রেখে আজ ৫ অক্টোবর উদযাপিত হতে যাচ্ছে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর উদ্যোগে সারা দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত মোট ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১০১ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
অনুষ্ঠানটি উদযাপনের উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষকতার মতো মহান পেশাকে সম্মানিত করা, জাতি গঠনে শিক্ষকদের অবদান সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া এবং গুণী শিক্ষক সম্মাননার মাধ্যমে সব শিক্ষককে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বিগত বছরগুলোয় সারা দেশ থেকে ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হতো। কিন্তু এবার সরকার ১০১ জন গুণী শিক্ষককে এ সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচিত শিক্ষকদের সম্মাননা সনদের সঙ্গে একটি ক্রেস্ট ও নগদ দুই লাখ টাকা দেওয়া হবে বলে জানা গেছে।
আজ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হবে। উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে গঠিত কমিটির মাধ্যমে এই কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করা হচ্ছে।



