চিকিৎসক সংকটে মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার, ভোগান্তিতে শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি
বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিকেল সেন্টার। তবে চিকিৎসকসংকট, ইনডোর শয্যার অভাব, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকা এবং ল্যাব টেকনিশিয়ান ও সহযোগী জনবলের ঘাটতিসহ নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা।
মেডিকেল সেন্টারের উপপ্রধান মেডিকেল অফিসার ডা. আহম্মদ হোসেন সিদ্দিকী জানান, দেড় বছর আগেও সেখানে আটজন চিকিৎসক কর্মরত ছিলেন। বর্তমানে চিকিৎসকের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র তিনজনে। তাদের মধ্যে সকালের শিফটে দুজন এবং বিকালের শিফটে একজন দায়িত্ব পালন করছেন। ফলে চিকিৎসাসেবা নিতে আসা শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
মেডিকেল সেন্টারে ইনডোর শয্যার কোনো ব্যবস্থা নেই। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধাও সীমিত। ফলে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ওপর নির্ভর করতে হচ্ছে।
অ্যাম্বুলেন্স সেবা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে। এর একটি মর্মান্তিক উদাহরণ ২০২৬ সালের ২৩ জুলাইয়ের ঘটনা। সেদিন গভীর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রথম বর্ষের (২২তম ব্যাচ, দ্বিতীয় সেমিস্টার) শিক্ষার্থী মনিরুজ্জামান মনি (২১)। জানা যায়, বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স পেতে জটিলতা ও বিলম্ব হওয়ায় তাকে অটোরিকশায় করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পেতে এমন ভোগান্তি বিশ্ববিদ্যালয়ের জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে।
মেডিকেল সেন্টারের চিকিৎসকসংকট, জনবল ঘাটতি ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতা নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম জানান, তিনি গত জুলাই মাসে দায়িত্ব গ্রহণ করেছেন। মেডিকেল সেন্টারের প্রয়োজনীয়তা ও জনবলসংক্রান্ত ঘাটতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো তার কাছে নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট মেডিকেল বডির সদস্যদের ডেকে পাঠানো হলেও তারা প্রয়োজনীয়তা ও বিদ্যমান ঘাটতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি।
চিকিৎসকসংকটের বিষয়ে উপাচার্য বলেন, বিধিমালা অনুযায়ী মেডিকেল সেন্টারে কতজন চিকিৎসক থাকার কথা এবং বর্তমানে কতজন কর্মরত রয়েছেন, তা খতিয়ে দেখা হবে। চিকিৎসকের ঘাটতি থাকলে প্রয়োজনীয় নিয়োগের জন্য শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পার্টটাইম চিকিৎসক নিয়োগের বিষয়টিও পর্যালোচনা করা হবে।
মেডিকেল অ্যাডভাইজরি কমিটির সদস্য কারা এবং তারা কী দায়িত্ব পালন করছেন, জানতে চাইলে উপাচার্য জানান, কমিটির সদস্য ও তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজ নিয়ে জানানো হবে।
ল্যাবরেটরি সেবার সীমাবদ্ধতা, ডেঙ্গু পরীক্ষার কিটের অভাব, থাইরয়েড পরীক্ষার ব্যবস্থা না থাকা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সংকটের বিষয়ে উপাচার্য বলেন, ল্যাবের জন্য প্রয়োজনীয় টেকনিশিয়ান বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে নারী রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগী জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
ইনডোর শয্যা ও ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা চালুর বিষয়ে তিনি জানান, মেডিকেল সেন্টারে ইনডোর সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে শিক্ষার্থীরা সেখানে ভর্তি থেকে চিকিৎসা নিতে পারেন।
অ্যাম্বুলেন্স সেবার ভোগান্তি নিরসনে একটি অ্যাম্বুলেন্স মেডিকেল সেন্টারের তত্ত্বাবধানে রাখার ব্যবস্থা করা হবে বলে জানান উপাচার্য। এতে জরুরি রোগীদের দ্রুত অ্যাম্বুলেন্স সেবা দেওয়া সম্ভব হবে এবং অপেক্ষার সময় কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে মেডিকেল সেন্টারের বর্তমান কার্যক্রম পর্যালোচনায় দেখা যায়, শুক্রবার প্রতিষ্ঠানটি বন্ধ থাকে। বৃহস্পতিবার অর্ধদিবস একজন চিকিৎসক দিয়ে সেবা পরিচালিত হয়। মাসে মাত্র একদিন আলট্রাসনোগ্রাম করার সুযোগ রয়েছে। আগে কর্মরত দুজন পার্টটাইম চিকিৎসকও প্রায় দেড় বছর ধরে নেই। প্রায় সাত বছর ধরে ল্যাব টেকনিশিয়ান ও প্রয়োজনীয় সহযোগী জনবল নিয়োগের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।
এ ছাড়া পর্যাপ্ত ইউরিন পরীক্ষার ব্যবস্থা, ডেঙ্গু পরীক্ষার কিট, থাইরয়েড পরীক্ষার সুবিধা এবং নারী রোগীদের জন্য প্রয়োজনীয় সহযোগী জনবলের অভাব রয়েছে। জরুরি রোগীদের অ্যাম্বুলেন্স পেতেও জটিলতা ও বিলম্বের অভিযোগ রয়েছে। এসব সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষেত্রে অসুস্থ শিক্ষার্থীদের অটোরিকশায় করে বাইরের হাসপাতালে নিতে হচ্ছে।
মেডিকেল সেন্টারের এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন উপাচার্য। চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ, ল্যাবরেটরি সেবার উন্নয়ন, ইনডোর চিকিৎসা চালু এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা জোরদারসহ সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।



