নোবিপ্রবিতে চালু হলো ই-কার

নোবিপ্রবিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অভ্যন্তরীণ যাতায়াতের সুবিধার্থে দুটি ই-কার চালু। ছবি: আগামীর সময়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অভ্যন্তরীণ যাতায়াতের সুবিধার্থে দুটি পরিবেশবান্ধব ইলেকট্রিক কার (ই-কার) চালু করা হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ই-কার দুটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেছেন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অভ্যন্তরীণ যাতায়াত সহজ করতে ই-কার চালু করা সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগ। ক্যাম্পাসের গোলচত্বর থেকে নির্ধারিত রুটে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় ই-কার দুটি চক্রাকারে চলাচল করবে।
তিনি জানান, ই-কার চালুর ফলে ক্যাম্পাসে যাতায়াত সহজ ও নিরাপদ হওয়ার পাশাপাশি কার্বন নিঃসরণ ও পরিবেশদূষণ কমাতে সহায়তা করবে। নোবিপ্রবিকে পরিবেশবান্ধব ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ই-কার দুটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে। গোলচত্বর থেকে নির্ধারিত রুটে চক্রাকারে চলবে এসব ই-কার।
নোবিপ্রবি পরিবহন পুলের প্রশাসক ড. মো. মফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক চার্জের মাধ্যমে ই-কার দুটি পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে সোলার প্যানেলের মাধ্যমে এগুলো পরিচালনার পরিকল্পনাও রয়েছে। ই-কার থেকে সরাসরি কার্বন নিঃসরণ না হওয়ায় এটি পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে।






