জবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সংঘর্ষ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন ও যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন অনিকের অনুসারীদের মধ্যে ঘটা সংঘর্ষে অন্তত তিনজন আহত হন।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন অর্থনীতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাদুদ, লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ইমন এবং বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইমরান হোসেন ইমন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ভিক্টোরিয়া পার্কের চায়ের দোকানের পাশে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় রড ও পাইপ নিয়ে তাদের সংঘর্ষে লিপ্ত হতে দেখা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক নাহিয়ান বিন অনিক বললেন, ‘আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে ঘোষিত কর্মসূচি পালন করে ভিক্টোরিয়া পার্কে অবস্থান করছিলাম৷ তখন আমাদের ওপর রড ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে শামসুল আরেফিনের অনুসারীরা। আমাদের অনেকে আহত হয়, অর্থনীতি বিভাগের মাদুদের হাতে পাঁচটি সেলাই লাগে। পরবর্তীতে আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে পালটা প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীরা লেজ গুটিয়ে বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনকে ‘কটাক্ষ’ করে পোস্ট দেয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
গত ১৯ সেপ্টেম্বর রাতে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিক সদস্য সচিব শামসুল আরেফিনকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। ওই পোস্টকে কেন্দ্র করে ক্যাম্পাসে নাহিয়ান বিন অনিক ও শামসুল আরেফিনের অনুসারীদের মধ্যে দফায় উত্তেজনা বিরাজ করছিল।
তবে শামসুল আরেফিনকে ‘কটাক্ষ’ করে পোস্ট দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন নাহিয়ান বিন অনিক। তিনি বলেন, আমি সেখানে কারো নাম উল্লেখ করিনি। আমি জুলাই গণ-অভ্যুত্থানকে পুঁজি করে যারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন, তাদের বুঝিয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আজম খান জানান, দুই গ্রুপের নাম তিনি জানেন না। তবে, সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিনি বললেন, ‘আমরা পুলিশ ডেকে নিয়ে আসছি। উল্লেখযোগ্যভাবে আহত হয় নাই, মানে উল্লেখ করার মত কেউ আহত হয় নাই। ঘটনার বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।’



