জাবিতে শিক্ষার্থী নিখোঁজ, আট দফা দাবিতে বিভাগে তালা

মো. মোহাইমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হওয়ার ঘটনায় আট দফা দাবিতে বিভাগের ফটকে তালা দিয়েছেন তার সহপাঠীরা। একই সঙ্গে একাডেমিক নিপীড়ন ও অসহযোগিতার অভিযোগ তুলে বিভাগের সভাপতি ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা।
গতকাল রবিবার রাত ১টা ৩০ মিনিটে শিক্ষার্থীরা বিভাগের ফটকে তালা দেন। মোহাইমিনুল ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।
শিক্ষার্থীদের আট দফা দাবিতে আছে, ১২ ঘণ্টার মধ্যে মোহাইমিনুল ইসলামকে খুঁজে বের করা, তার নিখোঁজ হওয়ার ঘটনায় দায়ীদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন, বিভাগের সভাপতি অধ্যাপক হোসাইন মোহাম্মদ সায়েম ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমের পদত্যাগ, সংশ্লিষ্ট কোর্সের উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং কোনো শিক্ষার্থী বা ব্যাচকে হয়রানি কিংবা লক্ষ্যবস্তু করা বন্ধ করা।
এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের ক্যাম্পাসে অবস্থান নিশ্চিত করা, বিভাগে দ্রুত ছাত্রসংসদ কার্যকর করা এবং শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালুর দাবিও জানিয়েছেন তারা।
এদিকে, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চেয়ে জরুরি বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি জরুরিভাবে বিবেচনার জন্য ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনকেও অবহিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার বিকাল ৩টা ৮ মিনিটে মোহাইমিনুল বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে ওঠেন। পরে তার আবাসিক কক্ষে একটি চিরকুট পাওয়া যায়। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সন্ধান পাওয়া যায়নি।
চিরকুটে বিভাগের অবহেলার বিষয় উল্লেখ থাকায় ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মোহাইমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষে থাকতেন। তার স্থায়ী ঠিকানা জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিমের ০১৭১৪০১২৩১৫ নম্বরে অথবা নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরীর ০১৭১২৬৭৪৫৫৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।




