জাবিতে যান চলাচল ও দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি

সংগৃহীত ছবি
উদ্ভুত পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে যানবাহন চলাচল এবং দর্শনার্থী প্রবেশে কঠোর নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বহনের জন্য অনুরোধ করা হয়েছে।
আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া স্টিকারযুক্ত বা অনুমোদিত গাড়ি ছাড়া অন্য কোনো ধরনের যানবহন ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল করতে পারবে না। যেকোনো সময় ব্যক্তি ও যানে তল্লাশি চালাতে পারবে কর্তৃপক্ষ। এ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বহনের জন্য অনুরোধ করা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে দর্শনার্থী প্রবেশ নিরুৎসাহিত করা হয়েছে এবং বিশেষ করে রাতের বেলা সকল বহিরাগত ও তাদের গাড়ি প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।




