চাকরির সুযোগ সৃষ্টিতে চালু হচ্ছে তিন বিশেষ কোর্স

বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন
শিক্ষার্থীদের আরও দক্ষ করে গড়ে তুলতে আগামী বছরের জানুয়ারি থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তিনটি বিশেষ দক্ষতা উন্নয়ন কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
সেমিনারে ড. মামুন বলেছেন, বর্তমানে শুধু বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করলেই একজন শিক্ষার্থীর চাকরির বাজারে সফল হওয়া নিশ্চিত নয়। একাডেমিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, চাকরির প্রস্তুতি, যোগাযোগ দক্ষতা, পেশাগত আচরণ ও নৈতিকতার মতো বিষয়েও শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে। এ লক্ষ্যেই আগামী জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ‘আইসিটি অ্যান্ড এআই’, ‘অ্যাম্পলয়িবিলিটি স্কিল’ এবং ‘এথিকস অ্যান্ড প্রফেশনালিজম’ কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানালেন, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি আধুনিক কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে এসব কোর্স। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিট প্রজেক্টের অধীনে কোর্সগুলো চালু হবে।
ইউজিসির এ সদস্য বলছিলেন, ‘তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে তৈরি না করে চাকরি সৃষ্টিকারী হিসেবেও গড়ে তুলতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ইনোভেশন হাব, ইনকিউবেশন সেন্টার, স্টার্টাপ ইকোসিস্টেম এবং শিল্প খাতের সঙ্গে কার্যকর সংযোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।



