বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া অফিস আদেশ, মন্ত্রণালয়ের সতর্কবার্তা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম নিয়ে ছড়িয়ে পড়া একটি ভুয়া অফিস আদেশের বিষয়ে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তার স্বাক্ষর নকল করে তৈরি করা এই আদেশের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে। একই সঙ্গে আদেশটি বিশ্বাস, প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, সম্প্রতি ‘বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের প্রতি একাডেমিক কার্যক্রমে আন্তরিকতা প্রদর্শন প্রসঙ্গে’ শিরোনামে একটি কথিত অফিস আদেশ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষর নকল করা হয়েছে।
মন্ত্রণালয় স্পষ্ট করেছে, প্রচারিত আদেশটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। এর সঙ্গে মন্ত্রণালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ধরনের অসত্য তথ্য প্রচারের ফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি, ভুয়া আদেশের ভিত্তিতে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া এবং এটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সঠিক ও যাচাইকৃত তথ্যের জন্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ওয়েবসাইট www.shed.gov.bd অনুসরণ করতে বলা হয়েছে।



