ঢাবি শিক্ষার্থীদের তথ্য ডার্ক ওয়েবে, এআই কণ্ঠে ব্ল্যাকমেইল
- ৭৭ শিক্ষার্থীর তথ্য হ্যাকারের হাতে
- বিষয়টি জানা ছিল না প্রশাসনের

গ্রাফিকস: আগামীর সময়
ছেলে গ্রেপ্তার, মেয়ে হাসপাতালে ভর্তি; কিংবা পরিবারের স্বজনকে হত্যার হুমকি— কৌশল আলাদা হলেও লক্ষ্য এক। ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও তাদের পরিবারের ফোনে ইদানীং এমন ফোনকল আসছে হরহামেশাই। অপরিচিত নাম্বার থেকে ফোন এলেও ওপারের লোকজনের মুখে থাকে শিক্ষার্থীর নাম, ঠিকানা ও বিভাগের নির্ভুল বিবরণ। এত নিখুঁত তথ্য শুনে স্বজনরাও সহজে বিশ্বাস করে ফেলেন। ঠিক তখনই শুরু হয় মূল খেলা। কখনো পুলিশ বা র্যাব (এখন এসআরবি), কখনোবা ডাক্তারের পরিচয় দিয়ে আতঙ্ক ছড়ানো হয়। কোথাও আবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে স্বজনের গলার আওয়াজ নকল করে কান্নাকাটি শোনানো হচ্ছে। এরপরই চাপ আসে অনলাইন ব্যাংকিংয়ে দ্রুত টাকা পাঠানোর।
আগামীর সময়ের অনুসন্ধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩০টি পরিবারের সঙ্গে ঘটা এমন অভিজ্ঞতার তথ্য মিলেছে। তাৎক্ষণিক অনুসন্ধানে কেউ কেউ রক্ষা পেলেও, অনেকে প্রতারকদের ফাঁদে পা দিয়ে টাকা খুইয়েছেন। তবে ভীতিটা অন্য জায়গায়। অপরাধীরা ভুক্তভোগীদের হাঁড়ির খবর আগে থেকেই জেনে বসে আছে। প্রশ্ন উঠেছে, শিক্ষার্থীদের এমন ব্যক্তিগত তথ্য প্রতারকদের হাতে পৌঁছাল কীভাবে? বিশ্ববিদ্যালয়ের ডেটাবেজের সুরক্ষা ব্যবস্থা কি তবে শুধুই খাতা-কলমে?
ঢাবির শিক্ষার্থী মাসুমা জেসমিন স্বর্ণার কাছে আসা ফোনকলের শুরুটা ছিল টাকা লেনদেন নিয়ে। ফোনে বলা হয় তার বাবা ২৫ হাজার টাকা পাঠাবেন। সেখান থেকে ১০ হাজার টাকা তাকে একটি নির্দিষ্ট নম্বরে পাঠাতে হবে। সন্দেহ হলে বাবার সঙ্গে কথা বলতে চান স্বর্ণা। ফোনের অন্যপ্রান্ত থেকে মুহূর্তেই শোনানো হয় অবিকল তার বাবার গলা! স্বর্ণা জানিয়েছেন, কণ্ঠ শুনে তিনি খানিকটা ভ্যাবাচেকা খেয়ে যান। কারণ ফোনের কণ্ঠস্বর অবিকল তার বাবার মতো। তবে স্বর্ণা বুঝতে পারেন বিষয়টিতে খানিকটা খটকা আছে। ধরে ফেলেন তিনি।
একই সময়ে স্বর্ণার বাবাকেও ফোন করে অন্য নাটক সাজায় চক্রটি। মেয়েকে জিম্মি করার ভয় দেখিয়ে ২৫ হাজার টাকা দাবি করা হয়। পরে র্যাব সদস্য পরিচয় দিয়ে দেওয়া হয় লাশ ফেলার হুমকি। বাবা-মেয়ে দ্রুত একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারায় ফাঁদ কেটে বেরিয়ে আসতে পারেন।
তবে সেই সৌভাগ্য হয়নি ২০২০-২১ শিক্ষাবর্ষের জহুরুল হক হলের শিক্ষার্থী আল মেহরাজ শাহরীয়ার মিথুনের পরিবারের। মিথুনের মাকে ফোন করে প্রথমে ছেলের নাম ও অবস্থানের খাঁটি খবর মেলায় চতুর চক্রটি। এরপর ডিবি পুলিশ সেজে জানানো হয়— ছেলে গ্রেপ্তার, টাকা না দিলে কপালে আছে ‘ক্রসফায়ার’!
কথা শেষ না হতেই মিথুনের নকল গলায় কেঁদে ওঠে এআই কণ্ঠ— ‘আম্মু, আমাকে বাঁচাও!’ সন্তান হারানোর ভয়ে মিথুনের মা যেন চোখে সরষে ফুল দেখলেন। সুযোগ বুঝে প্রতারকরা ফোন কাটতে না দিয়ে ৪০ হাজার টাকা হাতানোর চাপ দেয়। দিশাহারা মা দোকান থেকে টাকা পাঠানোর পর দাবি করা হয় আরও ২ হাজার। মোট ৪২ হাজার টাকা পকেটে পুরে তবেই কেটে দেওয়া হয় লাইন। পরে ছেলের সঙ্গে কথা বলে মিথুনের আম্মু জানতে পারেন আসল ঘটনা। ততক্ষণে যা যাওয়ার, তা চলে গেছে।
প্রতারকরা শুধু সাধারণ নাম-নম্বরই নয়, শিক্ষার্থী কোন হলে থাকেন, কোন বিভাগে পড়েন— এমন খুঁটিনাটি তথ্যও হাতের মুঠোয় নিয়ে ঘুরছে। আলামিন নামের বাংলা বিভাগের শিক্ষার্থীর পরিবারের অভিজ্ঞতা একই সূত্রে গাঁথা। নিজেকে শাহবাগ থানার পুলিশ পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন তার বাড়িতে। শুধু নাম-ঠিকানাই নয়, তিনি কোন হলে থাকেন ও কোন বিভাগে পড়েন— সব বলা হয়। এরপর মাদক মামলায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়। ওপারে কান্নার শব্দ শুনে বাবা ভেবে বসেন, ছেলেকে বুঝি মারধর করা হচ্ছে। তবে সময়মতো ভাইয়ের মাধ্যমে যোগাযোগ হওয়ায় বড় অঙ্কের টাকা হারানোর হাত থেকে রক্ষা পায় পরিবার।
দুর্ঘটনার খবর দিয়ে স্বজনকে দিশাহারা করার আরেকটি উদাহরণ ২০২২-২৩ শিক্ষাবর্ষের চায়না ভাষা ও সংস্কৃতির শিক্ষার্থী অঙ্কিতা মোহন্ত অঙ্ক। তার মাকে জয়পুরহাটে ফোন করে বলা হয়— মেয়ে দুর্ঘটনায় পড়ে ঢাকা মেডিকেলে ভর্তি, জলদি ঢাকা আসতে হবে! এরপর এআই দিয়ে অঙ্কিতার নকল গলায় ‘বাঁচাও, মরে যাচ্ছি’ শোনানো হয়। তবে অন্য স্বজনদের মাধ্যমে শেষ পর্যন্ত অঙ্কিতার সুস্থতার খবর নিশ্চিত হন তার মা।
অঙ্কিতার একটি দাবি পুরো ঘটনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। তার মায়ের ফোন নাম্বারটি শুধু বিশ্ববিদ্যালয় ভর্তির কাগজেই দেওয়া হয়েছিল, অন্য কোথাও নয়। এমনকি ওই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টও খোলা হয়নি। অঙ্কিতার ধারণা, প্রতারকরা শুধু ডেটাবেজের তথ্যই হাতে পায়নি, সে সময় তিনি ঢাকায় আছেন কি না— সে সম্পর্কেও তাদের পাকা খবর ছিল।
অনুসন্ধানে দেখা যায়, এ চক্রটি প্রধানত চার ধাপে শিকার ফাঁদে ফেলে। শিক্ষার্থী ও স্বজনের নিখুঁত নাম-পরিচয় বলে আস্থা তৈরি করা। পুলিশ, ডিবি, র্যাব বা ডাক্তারের ভুয়া পরিচয় ব্যবহার করে তৈরি করা ভয়ের পরিবেশ। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে স্বজনের কণ্ঠ নকল করে আতঙ্ক চরমে তোলা। ফোন সচল রেখে টাকা হাতানো— যাতে স্বজনরা সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগ না পান।
শিক্ষার্থীদের তথ্য সুরক্ষার এ বেহাল এবং তা ব্যবহার করে প্রতারণার বিষয়টি নিয়ে জানতে চাইলে দায় এড়ানোর সুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গলায়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী আগামীর সময়কে বলেছেন, ‘শিক্ষার্থীদের তথ্য ফাঁস হওয়ার বিষয়টি আমাদের জানা ছিল না। তবে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখব।’
অনুসন্ধানে জানা গেছে, ঢাবির ৭৭ জন শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য এখন ডার্ক ওয়েবে রয়েছে। তাদের তথ্য হ্যাকারদের নিয়ন্ত্রণে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত ওয়েবসাইটে (eco.du.ac.bd) শিক্ষার্থীদের থাকা ইমেইল অ্যাড্রেসের পাসওয়ার্ড ও ইউজারনেম হ্যাকারদের কাছে চলে গেছে। সাইবার অপরাধ বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দীন আগামীর সময়কে বলেছেন, ‘আমি ঘাঁটাঘাঁটি করে দেখেছি, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই মূলত শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে যাচ্ছে। তথ্য ব্রিচ হয়েছে। শিক্ষার্থীদের ইউজারনেম ও পাসওয়ার্ড হ্যাকারদের হাতে থাকা মানে তাদের ব্যক্তিগত সব তথ্য ফাঁস হওয়া। এ তথ্য এখন ডার্ক ওয়েবে রয়েছে। এ তথ্যগুলো ব্যবহার করেই অনেক সময় শিক্ষার্থীদের অভিভাবকদের একধরনের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া হয়।’
কণ্ঠস্বর নকল করার বিষয়ে তিনি জানিয়েছেন, এটি হুবহু কোনো ব্যক্তির আসল কণ্ঠস্বর নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে একজনের কণ্ঠ বানিয়ে তা সংরক্ষণ করা হয়। পরে প্রতারকরা এই কণ্ঠ টার্গেট ব্যক্তিকে শুনিয়ে তাদের উদ্দেশ্য সাধন করে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ জানালেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ভর্তি হন তখন তারা নিজেদের তথ্যের পাশাপাশি তাদের অভিভাবকদের ব্যক্তিগত তথ্য যেমন ফোন নাম্বার, বাড়ির ঠিকানা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংশ্লিষ্ট ওয়েবসাইটে (eco.du.ac.bd) দিয়ে থাকেন। তাদের ভর্তির সব প্রক্রিয়া এই ওয়েবসাইটে সম্পূর্ণ হয়। তথ্যগুলো একটি ফরমে উল্লেখ করা হয়, যাকে স্টুডেন্ট ইনফরমেশন ফরম (এসআইএফ) বলা হয়। এই ফরম প্রথমে শিক্ষার্থীর পছন্দকৃত বিভাগ/ইনস্টিটিউটে পাঠানো হয়। বিভাগ/ইনস্টিটিউট প্রধানের স্বাক্ষরের পর সেটি বরাদ্দ করা হলে পাঠানো হয়। সেখানে হল প্রভোস্টের স্বাক্ষরের পর সেটি আবার বিভাগে পাঠানো হলে, সেখান থেকে সংশ্লিষ্ট ডিন অফিসে প্রেরণ করা হয়। ডিনের স্বাক্ষরের পরপরই এসআইএফ ফরম চলে যায় প্রশাসনিক ভবনের শিক্ষা-২ শাখায়। মূলত ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট এবং প্রশাসনিক ভবনের শিক্ষা-২ শাখায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কলা অনুষদের ডিন অধ্যাপক আবুল কালাম সরকার বলেছেন, ‘আমাদের কাছে এসআইএফ ফরম আসার পর আমি স্বাক্ষর করি। সর্বোচ্চ দু-তিন দিন ডিন অফিসে এই ফরম থাকে। এরপর প্রশাসনিক ভবনে পাঠিয়ে দেওয়া হয়।’ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের চেয়ারম্যান ও হল প্রাধ্যক্ষের সঙ্গে কথা হলে তারা জানিয়েছেন, হল কিংবা বিভাগের কোথাও এই ফরম রাখা হয় না। চেয়ারম্যান ও হল প্রাধ্যক্ষের স্বাক্ষর শেষে ফরম ডিন অফিসে পাঠানো হয়। পরে সেগুলো প্রশাসনিক ভবনে যায়।
প্রশাসনিক ভবনের শিক্ষা-২ শাখায় এসআইএফ ফরম সংরক্ষিত থাকে কয়েকজন কর্মকর্তার অধীনে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন বিভাগ ও ইনস্টিটিউটগুলোর এসআইএফ ফরমের দায়িত্বে রয়েছেন সহকারী রেজিস্ট্রার বোরহান উদ্দিন এবং বিজ্ঞান অনুষদের বিভাগগুলোর দায়িত্বে রয়েছেন মাহেরুন খানম। তারা জানিয়েছেন, রেজিস্ট্রারের অনুমতি ছাড়া কোনো শিক্ষার্থীর তথ্য কাউকেই দেওয়া হয় না।
এদিকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বললেন, ‘আমাদের এ ওয়েবসাইট (eco.du.ac.bd) কখনো হ্যাক হয়নি। আমি নিশ্চিত করছি, এখান থেকে তথ্য ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। অন্য কোনো জায়গা থেকে ফাঁস হলে হতে পারে।’
সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান আগামীর সময়কে বলেছেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে সেই তথ্য ব্যবহার করে অর্থ আদায় করা হলে প্রতারকদের অপরাধ এবং তথ্য সংরক্ষণকারী কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা— দুই বিষয়েই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ভুক্তভোগীরা কলের নাম্বার, বার্তা, রেকর্ডিং, লেনদেনের প্রমাণসহ থানায় মামলা গ্রহণের আবেদন করতে পারেন। বিশ্ববিদ্যালয় থেকে তথ্য ফাঁস এবং দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা চাওয়া যাবে।’



