নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ্ববিদ্যালয়

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
রূপান্তরের নতুন যাত্রায় পদার্পণের আহ্বানের মাধ্যমে ফল সেমিস্টার ২০২৬-এ ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
আজ রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে তাদের বরণ করে নেওয়া হয়।
দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রার্থনা, মোমবাতি প্রজ্বালন, নৃত্য এবং বিশ্ববিদ্যালয়ের ওপর একটি ভিডিও প্রদর্শনীও ছিল।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ডি. গ্যাফনি। তিনি নবীন শিক্ষার্থীদের আত্মঅনুসন্ধানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের যাত্রা শুরু করার আহ্বান জানান।
এ সময় তিনি তাদের নিজেদের কাছে কিছু মৌলিক প্রশ্ন রাখার পরামর্শ দেন- ‘আমরা এখানে কী করতে এসেছি?’ এবং ‘আমরা কী খুঁজছি?’
ডব্লিউ. বি. ইয়েটসের ‘অ্যামং স্কুল চিলড্রেন’ কবিতার উল্লেখ করে তিনি আত্মপরিচয়, আত্মবিকাশ ও অভিজ্ঞতার পারস্পরিক সম্পর্ক তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি কবিতার বিখ্যাত উক্তি ‘আর ইউ দ্যা লেফ, দ্যা ব্লসম ওর দ্যা বোল?’ ‘গেস হাউ ক্যান উই নো দ্যা ড্যান্সার ফরম দ্যা ড্যান্স’ উদ্ধৃত করেন।
তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের এই যাত্রায় শিক্ষার্থীরা নতুন দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেদের মননকে গড়ে তুলবে করবে। রূপান্তরের এই যাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘নৃত্যে যোগ দাও এবং নৃত্যশিল্পী হয়ে ওঠো; পরিবর্তনের যাত্রায় যোগ দাও, আর তুমি নিজেই রূপান্তরিত হয়ে যায়।’
উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফাদার চার্লস বি. গর্ডন বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বেড়ে ওঠা ও নিজেদের গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের যাত্রাকে নতুন ভবন নির্মাণের সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, একটি শক্তিশালী ও অর্থবহ জীবন একটি মজবুত ভিত্তির ওপর ধাপে ধাপে নির্মিত হয় এবং পূর্ণাঙ্গ রূপ লাভ করে।
তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে কাটানো সময়কে জ্ঞান, দক্ষতা, সচ্চরিত্র, সুসম্পর্ক এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি গড়ে তোলার কাজে ব্যবহার করার আহ্বান জানান। তিনি বলেছেন, শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ নির্মাণের এই যাত্রায় বিশ্ববিদ্যালয়কে পাশে পাবে। তিনি বলেছেন, ‘তাহলে চলো, আমরা একসঙ্গে নির্মাণের এই যাত্রা অব্যাহত রাখি।’
অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীর অভিজ্ঞতা বিনিময় এবং নবীন শিক্ষার্থীর অনুভূতি প্রকাশের পর্ব ছিল। রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি, মঞ্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ফাদার বাধন রোজারিও, সিএসসি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাপ্তরিক সেবা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।
পরে পর্যায়ক্রমে ইংরেজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইন, ব্যবসায় প্রশাসন, মাইক্রোবায়োলজি এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যানরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানটি ফাদার চার্লসের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয়।




