রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ দলকে ভোট দেওয়ার আহ্বান ঢাবি সাদা দলের

সংগৃহীত ছবি
আসন্ন সংসদ নির্বাচনে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ, দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী দলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দেশবাসীর উদ্দেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
লিখিত বক্তব্যে সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুস সালাম বলেন, বাংলাদেশ বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে সঠিক নেতৃত্ব নির্বাচন অত্যন্ত জরুরি। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে সেই অধিকার প্রয়োগ করবে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এমন দলের হাতে থাকা উচিত, যাদের শাসন-অভিজ্ঞতা রয়েছে এবং যারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে সক্ষম।
ড. সালাম অভিযোগ করেন, ফ্যাসিবাদী প্রবণতা, ক্ষমতার কেন্দ্রীকরণ, মতপ্রকাশের স্বাধীনতা সংকোচন এবং নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার সংস্কৃতি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। একই সঙ্গে ধর্মভিত্তিক রাজনীতির নামে অসহিষ্ণুতা ও নারীবিরোধী মনোভাবের বিরুদ্ধেও তাদের অবস্থান স্পষ্ট বলে জানান তিনি।
তিনি বলেন, উন্নয়ন হতে হবে ন্যায়বিচারভিত্তিক। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। উন্নয়ন প্রক্রিয়ায় নারীর সক্রিয় অংশগ্রহণকে তিনি অর্থনৈতিক অপরিহার্যতা হিসেবে উল্লেখ করেন।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ড. সালাম বলেন, রাষ্ট্র পরিচালনায় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কোনো দেশি বা বিদেশি শক্তির প্রভাব নয়, বরং “সবার আগে বাংলাদেশ”—এই নীতিকেই ভিত্তি করা উচিত।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রাষ্ট্রসংস্কার প্রস্তাব এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ রোডম্যাপ পরিকল্পনাভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রতিফলন। তার দাবি, বিএনপি দায়িত্ব পেলে তরুণ প্রজন্মসহ দেশের জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি পুনর্গঠন বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। বিএনপি বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের সহাবস্থানে বিশ্বাস করে। দলটির নির্বাচনী অঙ্গীকারে নারী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার এবং সামাজিক নিরাপত্তা সম্প্রসারণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে তিনি জানান।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
সাদা দলের সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবুল কালাম সরকার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলআমিন, কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. আবদুর রশিদ, সমাজবিজ্ঞান অনুষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. স ম আলী রেজা, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. এম এ কাউছার, বাণিজ্য অনুষদের অধ্যাপক নাজমুল হাসান, অধ্যাপক ড. আসলাম হোসেন, অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, অধ্যাপক ড. আবদুল করিম ও অধ্যাপক ড. মো. নুরুল আমিন



