পূর্বনির্ধারিত সূচিতেই ভর্তি পরীক্ষা, আপিল বিভাগের আদেশের পর জানাল ঢাবি

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট। সেই আদেশ আপিল বিভাগ স্থগিত করে দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় জানাল, পূর্বঘোষিত সময়সূচি ধরেই অনুষ্ঠিত হবে তাদের ভর্তি পরীক্ষা।
সেই হিসেবে আগামী ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে, তা ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এবার এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের পর দুই বিষয়ে অকৃতকার্যদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে সরকার।
তবে সেই পরীক্ষার ফল আসার আগেই ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করলে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেয়।
তাই একটি রিট আবেদন হলে গত ১৮ নভেম্বর হাইকোর্ট সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের আগে ঢাকাসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দেন।
হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় আপিলের আবেদন করে আপিল বিভাগে। তাতে আজ সোমবার দেওয়া আদেশে সর্বোচ্চ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
এর পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানায়।
ঘোষিত সূচি অনুযায়ী, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামী ৫ ডিসেম্বর।
এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিটের এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
আইবিএ ইউনিট ছাড়া বাকি চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও অঙ্কন— দুটি অংশ থাকবে।





