স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত

সংগৃহীত ছবি
বেসরকারি স্কুল-কলেজে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কমিটি গঠনের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি গঠন-সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬ এখনো চূড়ান্ত হয়নি। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।
নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়ায় কমিটি গঠনের ক্ষেত্রে বিদ্যমান প্রক্রিয়া নিয়ে জটিলতা এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নতুন প্রবিধানমালা কবে চূড়ান্ত হবে বা স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি। এ ছাড়া বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমমানের প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদেরও বিষয়টি জানানো হয়েছে।



