প্রতিষ্ঠার ১৮ বছরেও বিদেশি শিক্ষার্থীশূন্য পাবিপ্রবি

ছবি: আগামীর সময়
২০০৮ সালে কার্যক্রম শুরু করে এ পর্যন্ত কোনো বিদেশি শিক্ষার্থী টানতে পারেনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। ফলে ১৮ বছরেও বিদেশি শিক্ষার্থীশূন্য রয়ে গেছে বিশ্ববিদ্যালয়টি। একই সময়ে কার্যক্রম শুরু করা অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যখন আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান শক্তিশালী করতে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে গুরুত্ব দিচ্ছে, তখন প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত একজন বিদেশি শিক্ষার্থীও ভর্তি করাতে পারেনি পাবিপ্রবি।
পাবিপ্রবিতে বর্তমানে ২১টি বিভাগে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বিশ্ববিদ্যালয়ে রয়েছে পাঁচটি অনুষদ, চারটি আবাসিক হল এবং ২১৩ জন শিক্ষক। প্রতিবছর দেশীয় শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালিত হলেও বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অর্জন শূন্য। দীর্ঘ সময়েও এ ক্ষেত্রে কোনো অগ্রগতি না হওয়া বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিকীকরণ কার্যক্রমের দুর্বলতাকেই সামনে এনেছে।
জানা যায়, বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে প্রচার-প্রচারণার ক্ষেত্রেও কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য নেই আলাদা কোনো কার্যকর ভর্তি নীতিমালা। নেই বিশেষ বৃত্তির ব্যবস্থা, পর্যাপ্ত সুযোগ-সুবিধা কিংবা তাদের উপযোগী আবাসনব্যবস্থা। ফলে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করার মতো প্রয়োজনীয় পরিবেশ তৈরিতেও পিছিয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, বিদেশি শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশে আসেন। তাদের জন্য আলাদা করে ভর্তি পরীক্ষার ব্যবস্থা নেই। এ ছাড়া ভর্তির ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ক্লিয়ারেন্স ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। তবে ভর্তি হতে আগ্রহী হলেই যে কেউ ভর্তি হতে পারবেন, বিষয়টি এমন নয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, ‘কিছু নেপালি শিক্ষার্থী ভর্তি হওয়ার চেষ্টা করেছিল। বিষয়টি আমাদের একাডেমিক কাউন্সিলও দেখেছিল। কিন্তু পরবর্তী সময়ে তারা আর ভর্তি হয়নি।’




