প্রিপেইড মিটার ইস্যুতে ৩০ নভেম্বর রংপুরে অর্ধদিবস হরতাল

ছবি: আগামীর সময়
গ্রাহক শোষণ ও ভোগান্তির প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দাবিতে আগামী ৩০ নভেম্বর রংপুর নগরীতে সকাল ৬টা হতে বেলা ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডেকেছে রংপুর মহানগর নাগরিক কমিটি।
নাগরিক কমিটির এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ হরতালের এই কর্মসূচি ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার কিংবা বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানের পরিবর্তে দফায় দফায় মূল্য বৃদ্ধি করছে। গ্রাহকদের প্রবল আপত্তি স্বত্তেও নেসকো কর্তৃপক্ষ জবরদস্তিমূলক কায়দায় নগরীর বাসা-বাড়িতে প্রিপেইড মিটার সংযোগ অব্যাহত রেখেছে। এতে গ্রাহকদের ডিজিটাল মিটারের তুলনায় বর্তমানে দ্বিগুণ-তিনগুণ বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। বিগত সরকারের সময়কার ৩১টি প্রকল্প বাতিল করা হলেও দুর্নীতি ও লুটপাটের প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করা হয়নি।
অভিযোগ করা হয়, প্রিপেইড মিটার প্রকল্পের নামে শত শত কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের দায় জনগণের কাঁধে চাপিয়ে দিয়ে আধুনিক প্রযুক্তির প্রিপেইড মিটারের নামে জনগণকে শোষণ করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আগামীতে সাধারণ নিম্নআয়ের মানুষের পক্ষে বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব হবে না।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, আমরা দীর্ঘদিন থেকে প্রিপেইড মিটার বাতিলসহ গ্রাহকদের ন্যায়সংগত দাবি আদায়ে ধারাবাহিকভাবে আন্দোলন করছি। কিন্তু বিদ্যুৎ বিভাগ কিংবা সরকার সেটিকে কর্ণপাত না করে স্বেচ্ছাচারী কায়দায় সকল কার্যক্রম অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে আগামী ৩০ নভেম্বর রংপুর নগরীতে অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
হরতাল সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।




