ঢাবি শিক্ষকের বাসায় চুরি

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লুৎফুল কবিরের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি স্মার্টফোন, একটি আইফোন, একটি ল্যাপটপ, শিশুর খেলাধুলার সামগ্রীসহ বেশ কিছু মূল্যবান জিনিস চুরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই শিক্ষক।
আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার শহীদ আবুল খায়ের ভবনের সপ্তম তলার ৬-ডি নম্বর ফ্ল্যাটে এ চুরির ঘটনা ঘটে।
লুৎফুল কবির আগামীর সময়কে জানিয়েছেন, ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। সকালে বাসার কাজের বুয়া কাজে এসে কাজ শেষে দরজা বন্ধ করে চলে যান। পরে সিসিটিভি ফুটেজে মুখ ঢাকা এক নারীকে ফ্ল্যাটে প্রবেশ করতে দেখা যায়।
চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ঢাবির এই অধ্যাপক। ‘আমার জিনিসপত্র হারিয়েছে, এটা বড় বিষয় নয়। কিন্তু একটি আবাসিক ভবনে এভাবে একজন ঢুকে চুরি করে নিয়ে গেলেন, এটি আমার কাছে বড় উদ্বেগের বিষয়। ভবনের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।’
জানা গেছে, প্রায় এক বছর আগেও ওই ফ্ল্যাট থেকে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছিল। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষক।
ঘটনার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহবাগ থানার এএসআই আজহার আগামীর সময়কে জানিয়েছেন, ভুক্তভোগী শিক্ষক একটি জিডি করেছেন। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।



