রাবিতে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ছাত্রশক্তির

সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি।
সোমবার মধ্যরাতে ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে সংগঠনটি দাবি করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি এম আহসান হাবীবের নেতৃত্বে নেতা-কর্মীরা রামদা, চাপাতি ও বেসবল ব্যাটের মতো দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান। এতে দৈনিক সমকাল, দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও আগামীর সময়ের চার সাংবাদিকসহ কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ছাত্রশক্তি বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর ছাত্রদলের ধারাবাহিক হামলা ও নির্যাতন মুক্তগণমাধ্যম এবং স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরার নগ্ন বহিঃপ্রকাশ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।
সংগঠনটির ভাষ্য, বিভিন্ন সময়ে ক্যাম্পাসে সাংবাদিকদের কণ্ঠরোধের যে সংস্কৃতি তৈরি হয়েছে, রাবির ঘটনা তারই ধারাবাহিকতা। বিএনপির গণমাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা এবং ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ প্রমাণ করে, তারা এখনো পুরোনো সন্ত্রাসী ও দখলদারিত্বের রাজনীতি থেকে বের হতে পারেনি।
বিবৃতিতে জাতীয় ছাত্রশক্তি আরও বলেছে, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কোনো ধরনের সন্ত্রাসী, অস্ত্রধারী ও দখলদার রাজনীতির ঠাঁই এই দেশের ক্যাম্পাসে হবে না। গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে কণ্ঠরোধের দিন শেষ হয়ে গেছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা এম আহসান হাবীবসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। একই সঙ্গে ক্যাম্পাসগুলোতে গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের স্বাধীনভাবে মতামত প্রকাশ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর ভূমিকা চেয়েছে সংগঠনটি।




