খোঁজ মিলেছে জবি শিক্ষার্থী সিরাজুলের

মোহাম্মদ সিরাজুল ইসলাম। ছবি : আগামীর সময়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলামের খোঁজ মিলেছে। গত বৃহস্পতিবার (১৬ জুন) নিখোঁজের সাত দিন পর গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে পাওয়া যায়।
জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেছেন, ‘আমি কেরানীগঞ্জ থেকে এখানে এসেছি। আমার মাথা এখন কাজ করছে না। কী হয়েছে, আমি জানাতে পারছি না।’ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে তার কিছুটা সময় প্রয়োজন বলে তিনি জানান।
সিরাজুলের বাবা আবুল কালাম জানান, গতকাল বৃহস্পতিবার একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে জানানো হয়, সিরাজুল বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান করছেন। তখন আমি বলি, আমি ভার্সিটিতে আছি। জবাবে তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভার্সিটির দিকে আসতেছি।
‘এর আগে আমরা সবাই বিভিন্নভাবে তাকে খুঁজে বের করার চেষ্টা করেছি। দায়িত্বে থাকা এসআইও যথেষ্ট চেষ্টা করেছেন। তিনি সারাদিন বিষয়টি নিয়ে কাজ করেছেন’, বলছিলেন বাবা আবুল কালাম।
গত ১৮ জুন থেকে নিখোঁজ ছিলেন সিরাজুল ইসলাম। এরপর তার পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি শুরু হয়।
বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়লে গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে একটি জরুরি সভার আয়োজন করা হয়। সেখানে সিরাজুলকে খুঁজে বের করতে প্রশাসন, শিক্ষার্থী প্রতিনিধি, ছাত্রসংগঠন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেছেন, সিরাজ নিখোঁজ থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগে ছিল। সবার সম্মিলিত প্রচেষ্টায় সিরাজকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাওয়া গেছে।
এ জন্য তিনি পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।




