ঢাকায় বৃষ্টির শঙ্কা, মৃদু তাপপ্রবাহের আভাস তিন বিভাগে

সংগৃহীত ছবি
শ্রাবণের শেষলগ্নে এসে দেশের আকাশে মেঘের ঘনঘটা বাড়ার পাশাপাশি বেশ কিছু অঞ্চলে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস পাওয়া গেছে।
বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড গতকাল সোমবার রাতে দেওয়া এক পূর্বাভাসে জানিয়েছে এ তথ্য।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের অল্প কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পার্বত্য চট্টগ্রাম ও আশপাশের এলাকা অর্থাৎ বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও কুমিল্লা জেলায় বর্ষণের দাপট কিছুটা বেশি থাকতে পারে।
আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, দেশের আকাশে আপাতত বৃষ্টি বলয় কম সক্রিয় থাকলেও আগস্টের তৃতীয় সপ্তাহে নতুন বৃষ্টি বলয় চালু হতে পারে। অন্যদিকে সাগরে নতুন একটি লঘুপাপ বা আবহাওয়া সিস্টেম তৈরির প্রক্রিয়া চলছে।
তবে বর্তমানে বৃষ্টি শুরুর আগে বা চলাকালে দমকা হাওয়ার পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চল ও পার্বত্য এলাকায় মাঝারি থেকে তীব্র বজ্রপাতের ঝুঁকি রয়েছে। তাই আকাশে মেঘের গর্জন শুনলেই সবাইকে বিশেষ সতর্ক থেকে নিরাপদ আশ্রয়ে থাকার তাগিদ দেওয়া হয়েছে।
বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি আজ দিনের বেলায় দেশের অধিকাংশ এলাকায় বেশ গরম অনুভুত হতে পারে। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় সাময়িকভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
বৃষ্টি বিরতির সময়গুলোতে বাতাসে আর্দ্রতার কারণে সারা দেশেই হাঁসফাঁস করা ভ্যাপসা গরমের অনুভূতি বজায় থাকবে। রাতেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সামুদ্রিক আবহাওয়ার চিত্রে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর বর্তমানে মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং কোনো সংকেত জারি করা হয়নি। তবে সাগরে নতুন সিস্টেম দানা বাঁধতে থাকায় সামনে সতর্ক সংকেত আসতে পারে।
গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায় ৪৭ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুর, ময়মনসিংহ ও চাঁদপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবান ও সিলেটে ২৪ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৩২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে।




