জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিতের খবর ভুয়া, পরীক্ষা বুধবারই

গ্রাফিকস: আগামীর সময়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিতের খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষা স্থগিতের বিষয়ে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনার্স তৃতীয় বর্ষের সব পরীক্ষা যথারীতি নির্ধারিত সময় ও কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ ছাড়া পরীক্ষার অন্যান্য সময়সূচিও অপরিবর্তিত থাকবে।
পরীক্ষা স্থগিতের বিষয়ে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
একই সঙ্গে পরীক্ষা সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট (www.nu.ac.bd) অনুসরণের আহ্বান জানানো হয়েছে।



