দেশ জুড়ে সয়েল ম্যাপিংয়ের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে আধুনিক প্যাকেজিং, কার্যকর মান নিয়ন্ত্রণ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সরাসরি সমন্বয় ও যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করা গেলে বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি সম্ভাবনা আরও বিস্তৃত হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রীয় প্যাকিং হাউজের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষির আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেছেন, মাটির গুণাগুণ ও পুষ্টিমান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল উৎপাদন করতে হবে। মাটিতে ফসফরাস, জিংক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামসহ প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি নির্ণয় করে সে অনুযায়ী সার ও অন্যান্য উপাদান প্রয়োগ করা গেলে কৃষির উৎপাদনশীলতা উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব।
এ লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলের মাটির গুণাগুণ ও পুষ্টিমানভিত্তিক মানচিত্র (সয়েল ম্যাপিং) তৈরির নির্দেশনা দেন মন্ত্রী। একই সঙ্গে অঞ্চল ও মৌসুমভেদে কোন ফসল চাষের জন্য কোন এলাকার মাটি বেশি উপযোগী, তা চিহ্নিত করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ওপর জোর দেন তিনি।



