চড়া বাজারেও কমল ওএমএসের বরাদ্দ
- খাদ্য মন্ত্রণালয়ের পাক্ষিক প্রতিবেদনে তথ্য
- জুলাই-অক্টোবরে বিতরণ কমেছে ৩৭ শতাংশ
- ওএমএসের চাল বরাদ্দ কমল ৩৩ হাজার টন
- গত চার মাস টিসিবিতে দেওয়া হয়নি চাল

গ্রাফিকস: আগামীর সময়
খাবারের দাম ও জীবনযাত্রার ব্যয় ঊর্ধ্বমুখী। উচ্চমূল্যের কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরাও। এরই মধ্যে কোপ পড়েছে গরিবের পাতে। ভর্তুকিমূল্যে খোলাবাজারে পণ্য বিক্রির কর্মসূচি ওএমএসে কমেছে উল্লেখযোগ্য পরিমাণ বিতরণ। শুধু গত জুলাই-অক্টোবরে চাল বিতরণ কমেছে ৩৬ দশমিক ৭৫ শতাংশ, যা নিম্ন আয়ের মানুষের ওপর তৈরি করেছে বাড়তি চাপ। এতে খাদ্য নিরাপত্তাঝুঁকিতে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ ইউনিটের ২৯ অক্টোবরের পাক্ষিক প্রতিবেদন এবং গত বছরের তুলনামূলক তথ্যে উঠে এসেছে এই চিত্র। গত বছরের জুলাই-অক্টোবরে বিতরণ হয়েছিল ৮৯ হাজার ৮০০ টন। এ বছর তা ৫৬ হাজার ৮০০ টনে নেমেছে। অর্থাৎ কমেছে ৩৩ হাজার টন।
ওএমএস হলো সরকারের ভর্তুকিমূল্যে চাল ও আটা বিক্রির কর্মসূচি। খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর ডিলার এবং মোবাইল ট্রাকের মাধ্যমে নিম্ন ও নিম্নমধ্যবিত্তদের কাছে পৌঁছে দেয় এ পণ্য। পাশাপাশি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমেও কার্ডধারীদের স্বল্পমূল্যে দেওয়া হয় চাল। ওএমএসে চাল বিক্রি হয় কেজিতে ৩০ টাকা, খোলা আটা চার মাসে টিসিবিতে চাল সরবরাহ হয়নি। ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির মাধ্যমে বিক্রি হয়েছিল ৪ লাখ ১৩ হাজার ৮৭২ টন চাল, পরের বছর তা ৩ লাখ ৪৫ হাজার ৪৮৭ টন।
টিসিবির উপপরিচালক শাহাদাত হোসেন বললেন, প্রতি মাসে তারা খাদ্য অধিদপ্তরকে বরাদ্দের জন্য চিঠি পাঠায়। কিন্তু গত জুলাই থেকে দিচ্ছে না বরাদ্দ।’
গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করে খাদ্য অধিদপ্তরের দুই কর্মকর্তা বলেছেন, ওএমএস এবং টিসিবি খাতে চালের বরাদ্দে অনুমোদন দেয়নি অর্থ মন্ত্রণালয়। এ কারণে চার মাস টিসিবির চাল বিতরণ বন্ধ ছিল।
খাদ্য অধিদপ্তরের সরবরাহ, বণ্টন ও বিপণন বিভাগের পরিচালক (চলতি দায়িত্বে) জহিরুল ইসলাম খান বললেন, অক্টোবরের শেষে অনুমোদন হয়েছে। এ মাসেই টিসিবিতে চাল দেওয়া হতে পারে।
সারা দেশের চিত্র
সারা দেশে টিসিবির স্মার্ট কার্ডধারী ৫৭ লাখ। গত বছর প্রতি মাসে ২৮ হাজার ৭৯০ টন চাল প্রতিজনকে পাঁচ কেজি করে দেওয়া হয়। রংপুরে কার্ডধারী ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন। টিসিবির সহকারী পরিচালক রুবেল সরকার বললেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় জুলাই থেকে চাল দেওয়া বন্ধ।
রংপুর নগরীর ভানু শেখ ও বাহাদুর সিংহ এলাকার মিনা বেগম— দুজনই টিসিবির সুবিধাভোগী। মিনা বললেন, ‘এ্যালা গ্রামোত কাম-কাজ নাই। ধানও পাকেনি। চাউল না দেওয়ায় কষ্ট খুব।’ পঞ্চগড়ের বোদা উপজেলার কলোনিপাড়ার কুদ্দুস আলীও টিসিবির কার্ডধারী। চার মাস চাল না পাওয়ার অভিজ্ঞতা উল্লেখ করে বলছেন, ‘নুন (লবণ) না দিয়া যুদি চাউল দিল হ্যায়, খুউব উপকার করিল হয়।’
নোয়াখালীর ৯ উপজেলায় টিসিবির গ্রাহক ১ লাখ ৬৯ হাজার ৩২৫ জন। তিন মাস ধরে ওই উপজেলাগুলোতে ডিলারদের চালের বরাদ্দ নেই। স্থানীয়রা বলছেন, চাল না পাওয়ায় বেশি দামে কিনতে হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের চাপ বেড়েছে।
দীর্ঘ হচ্ছে সারি
কুড়িগ্রামে আগে দরিদ্ররা দাঁড়ালেও এখন মধ্যবিত্তরাও যোগ দিচ্ছেন। কুড়িগ্রাম পৌরসভার খেজুরের তল এলাকায় ওএমএস ডিলারের কাছ থেকে আটা কিনছিলেন সরকারি এক কর্মচারী। তিনি বললেন, ‘সন্তানদের লেখাপড়ার খরচের সঙ্গে বাজারের সবকিছুর দাম বেশি। বেতন বাড়লেও জ্বালানি কিনতেই খরচ হচ্ছে। এ কারণে ওএমএসের আটা কিনতে এসেছি।’
রাজশাহীতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও চাল-আটা ছাড়া ফিরছেন অনেকে। গত মঙ্গলবার নগরীর ২১ নম্বর ওয়ার্ডের দোসর মণ্ডলের মোড়ের ওএমএস কেন্দ্রে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেখা যায় এ চিত্র। ওই কেন্দ্রের ডিলার সৈয়দা ফাতেমা পারভীন বললেন, আগে তার বরাদ্দ ছিল দেড় টন চাল। পরে তা এক টনে নামানো হয়। এতে প্রায় ২০০ জনকে পণ্য দেওয়া সম্ভব হয়। তার ভাষ্য, বরাদ্দের তুলনায় ক্রেতা বেশি হওয়ায় অনেকে ফিরে যাচ্ছেন।
হবিগঞ্জে শুধু সদর পৌরসভার ৯ ডিলারের দোকানে ওএমএস চলছে। এতে ৯ উপজেলার স্বল্প আয়ের মানুষ সংকটে পড়েছেন। আজমিরীগঞ্জের হিলালপুর গ্রামের সেলিম উদ্দিন বললেন, ‘ভোরে লাইনে দাঁড়িয়ে ওএমএসের পণ্য কিনলে স্বস্তি মিলত, তাও বন্ধ।’ এ বিষয়ে বানিয়াচং উপজেলা খাদ্য কর্মকর্তা সাইফুল আলম সিদ্দিকীর দাবি, বাজারে নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে থাকায় গ্রামে বরাদ্দ বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের সিনেমা হল বাজারে ওএমএস ডিলার মামুন মিয়ার দোকানে আধা ঘণ্টা অপেক্ষা করেও চাল-আটা পাননি দুই নারী। একজন বললেন, ‘ছেলেমেয়েদের পড়াশোনার খরচ জোগাতে খাবারে কম পড়ে। তাই মাঝেমধ্যে ওএমএসের দোকানে আসি। আজ দেরিতে আসায় পাইনি।’
পার্বত্য চট্টগ্রামের চিত্র
রাঙামাটির কাঠালতলীতে আইনান এন্টারপ্রাইজের ব্যানারে পিয়ারুল ইসলাম প্রতিদিন ২০০ জনকে ওএমএসের চাল-আটা দেন। তার ভাষ্য, গ্রাহকদের মধ্যে নিম্নমধ্যবিত্তের উপস্থিতি বাড়ছে।
খাগড়াছড়িতে ওএমএস মূলত শহরে সীমাবদ্ধ। গত মঙ্গলবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক ডিলারের কার্যালয়ে চাল-আটা কিনতে ভিড় করছিলেন মূলত শ্রমজীবীরা। স্থানীয় বাসিন্দা হালিমা বেগম বললেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। ওএমএসের চাল-আটা পেলে কিছুটা স্বস্তি মেলে।’
খাগড়াছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার বাপ্পী দাশ বললেন, তারা প্রতিদিন ৭৫০ কেজি চাল ও আটা বিক্রি করছেন। বরাদ্দ এক টন করে দিলে সবাই পেত। অবশ্য জেলায় খাদ্যের কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জ্ঞান প্রিয় বিদুর্শী চাকমা।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন রংপুরের স্বপন চৌধুরী, রাজশাহীর আমজাদ হোসেন শিমুল, কুড়িগ্রামের তামজিদ হাসান, পঞ্চগড়ের গুরুদাস চন্দ্র রায়, হবিগঞ্জের বদরুল আলম, রাঙামাটির ফজলে এলাহী, খাগড়াছড়ির সৈকত দেওয়ান ও নোয়াখালীর গিয়াস উদ্দিন]



