সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে কমল কর

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত সম্প্রসারণে সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ককর সুবিধা আরও বাড়িয়েছে সরকার। নতুন সুবিধার ফলে এসব উপকরণ আমদানিতে মোট করভার ১৭ থেকে কমে মাত্র ১ শতাংশে নেমে এসেছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জারি করা প্রজ্ঞাপন এসআরও নম্বর-১৫৯-আইন/২০২৬/১৪/কাস্টমস, গত ৮ জুন ২০২৬-এর মাধ্যমে সৌরবিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, নিয়ন্ত্রক শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এতে আমদানিকারকদের মোট করভার ছিল ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), ২ শতাংশ অগ্রিম আয়করসহ ১৭ শতাংশ।
তবে বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও দেশের বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌরবিদ্যুৎ উৎপাদন দ্রুত বাড়াতে এ সুবিধা আরও সম্প্রসারণ করা হয়েছে। নতুন সুবিধায় সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং সম্পূর্ণ নিয়ন্ত্রক শুল্ক, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফলে এসব উপকরণ আমদানিতে এখন মোট করভার হবে মাত্র ১ শতাংশ। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ১৮০ দিন এ সুবিধা কার্যকর থাকবে।
আগের সুবিধায় বাণিজ্যিক আমদানিকারকদের জন্য এ ছাড় প্রযোজ্য ছিল না। নতুন সিদ্ধান্তে শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকদেরও একই সুবিধার আওতায় আনা হয়েছে। অর্থাৎ, নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে তারাও ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং অন্যান্য প্রযোজ্য শুল্ককর থেকে অব্যাহতি পাবেন।
সংশ্লিষ্টরা বলছেন, আমদানি পর্যায়ে করভার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রাথমিক ব্যয় কমবে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিনিয়োগ বাড়ার সুযোগ তৈরি হবে এবং নতুন উৎপাদন সক্ষমতা দ্রুত যুক্ত করা সম্ভব হবে।



