জ্বালানি-সাশ্রয়ী পলিয়েস্টার চিপস উৎপাদন বাড়াতে ঋণ দিচ্ছে এডিবি

সংগৃহীত ছবি
বাংলাদেশে জ্বালানি-সাশ্রয়ী পলিয়েস্টার চিপস উৎপাদন বাড়াতে এডিবি ও মডার্ন সিনটেক্সের মধ্যে ৫ কোটি ডলারের ঋণ চুক্তি হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এই চুক্তি স্বাক্ষর হয়।
এডিবি কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটি পলিয়েস্টার চিপসের অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি, আমদানির ওপর নির্ভরতা হ্রাস, পণ্য সরবরাহের সময়সীমা (লিড টাইম) কমিয়ে আনা এবং বস্ত্র উৎপাদনকারীদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের বস্ত্র খাতের ভ্যালু চেইন বা মূল্য সংযোজন করবে।
এতে উল্লেখ করা হয়, এই অর্থায়ন এমএসএলের পলিয়েস্টার চিপস উৎপাদন সক্ষমতা দৈনিক ১০৭ টন থেকে বাড়িয়ে ৪০৭ টনে উন্নীত করবে এবং স্বল্পমেয়াদী স্থানীয় চলতি মূলধন ঋণ পুনঃঅর্থায়ন করতে সহায়তা করবে। সম্প্রসারিত এই কারখানায় উচ্চ মানের পলিয়েস্টার চিপস উৎপাদিত হবে, যা অধিক মূল্যমানের বস্ত্র ও পোশাক পণ্য তৈরিতে ব্যবহৃত হয়।
এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেছেন, ‘বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি, কিন্তু এটি এখনও আমদানিকৃত কৃত্রিম কাঁচামালের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এডিবির এই দীর্ঘমেয়াদী অর্থায়ন এমএসএলকে দক্ষ অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে, ব্যাকওয়ার্ড লিংকেজ বা পশ্চাৎ-সংযোগ শক্তিশালী করতে, সরবরাহ শৃঙ্খল সুদৃঢ় করতে এবং অধিক মূল্যমানের বস্ত্র উৎপাদনে সহায়তা করবে।’
এছাড়া এই প্রকল্প মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে অবদান রাখবে এবং বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টাকে সহায়তা করবে বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পটিতে জ্বালানি-সাশ্রয়ী যন্ত্রপাতি স্থাপন করা হবে, যা প্রতি বছর প্রায় ৪ হাজার ৮৪০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয় করবে এবং প্রায় ২ হাজার ২২২ টন কার্বন-ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ কমাবে। এছাড়া, এর ফলে প্রায় ১০০টি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।



