বিআইডিএসের গবেষণা
শিল্প খাতে শ্রমিক কমেছে ১ লাখ ৩৭ হাজার

গ্রাফিকস: আগামীর সময়
জ্বালানি সংকটে তিন মাসে (এপ্রিল-জুন) দেশের শিল্পকারখানায় কর্মসংস্থান কমেছে। এক্ষেত্রে মোট শ্রমিক কমেছে ১ শতাংশ। অর্থাৎ ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে ১ লাখ ৩৫ হাজার ৭০০ জনের মতো। প্রতি কারখানায় নতুন নিয়োগ কমেছে। এ ছাড়া কিছু নিয়োগ হলেও নতুন নিয়োগের বেশিরভাগই চলে যাওয়া শ্রমিকের জায়গা পূরণে।
‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০ সূচক: সংক্ষিপ্ত পরিচিতি’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) সম্মেলন কক্ষে ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। বিশেষ অতিথি ছিলেন বিসিআইয়ের প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। বিআইডিএসের মহাপরিচালক ড. প্রফেসর এ কে এনামুল হকের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের গবেষণা পরিচালক ড. কাজী ইকবাল। বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, জাতীয় অধ্যাপক প্রফেসর ড. মাহবুব উল্লাহ প্রমুখ।
বিআইডিএসের বার্তা হলো— ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত উৎপাদন ২০২৫ সালের গড়ের প্রায় সমান ছিল। কিন্তু বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বাণিজ্যের খরচ বেড়েছে, মুনাফা কমেছে এবং নতুন বিনিয়োগ ও নিয়োগ কমেছে। এক্ষেত্রে জ্বালানিই প্রধান বাধা হিসেবে চিহ্নিত হয়েছে।
সেমিনারে জানানো হয়, বর্তমানে স্বল্পমেয়াদে শিল্প খাতের অবস্থা জানার উপায় সীমিত। ত্রৈমাসিক জিডিপি দেরিতে আসে এবং বেশি ওঠানামা করে। শিল্প উৎপাদনের পরিমাণগত সূচক স্বল্পমেয়াদি নীতি বিশ্লেষণে তেমন ব্যবহৃত হয়নি। বিদ্যমান তথ্য শুধু ধারণাভিত্তিক সরকারি পরিসংখ্যানের পাশাপাশি স্বাধীন পরিমাপ দরকার। জিডিপি ফরেনসিক অডিট দেখিয়েছে, শিল্প খাতের পরিসংখ্যানই সবচেয়ে বেশি হেরফেরের শিকার হয়েছে। গত ১৪ নভেম্বর বিবিএসে উপস্থাপিত অডিট অনুযায়ী ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধি বছরে প্রায় শূন্য দশমিক ৭ থেকে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট বেশি দেখানো হয়েছে। ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ সময়ে বাড়তি প্রবৃদ্ধির প্রায় ৪১ শতাংশ এসেছে ম্যানুফ্যাকচারিং থেকে, যার প্রায় ৭৯ শতাংশ মাঝারি ও বৃহৎ শিল্পের। সরাসরি কারখানা থেকে সংগৃহীত, স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য এই ঝুঁকি কমাবে।
সূচকগুলো হলো— উৎপাদন, ক্রয়াদেশ, বিক্রি, সক্ষমতার ব্যবহার, উপকরণ কাঁচামাল, জ্বালানি এবং আমদানি করা উপকরণের প্রাপ্যতা ও দাম, কর্মসংস্থান, নিয়োগ এবং চাকরি ছাড়া ও ব্যবসায়িক মনোভাবের বর্তমান অবস্থা এবং আগামী তিন মাসের প্রত্যাশা।
প্রথম রাউন্ডের ফল (এপ্রিল-জুন ২০২৬)। এক্ষেত্রে বলা হয়, ১৩০টি কারখানার এই ত্রৈমাসিকের তথ্য ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্বিতীয় রাউন্ডের জরিপ চলছে।
ফলাফলে বলা হয়েছে, উৎপাদন: প্রকৃত উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের প্রায় সমান। ৪০টি কারখানায় উৎপাদন ৫ শতাংশের বেশি বেড়েছে। এ ছাড়া ৩০টিতে কমেছে। সক্ষমতার গড় ব্যবহার ৬৭ থেকে ৬৬ শতাংশ হয়েছে। টেক্সটাইলে ৭৩ থেকে ৫৫ শতাংশে নেমেছে। তবে তৈরি পোশাক খাতে উৎপাদন বেড়েছে ২ শতাংশ।
উপকরণ: গ্রিডে বিদ্যুৎবিভ্রাট ঘটছে দৈনিক গড়ে ৪ দশমিক ১ ঘণ্টা, যা ২০২৫ সালের দ্বিগুণ। গ্যাসবিভ্রাট শূন্য দশমিক ৯ থেকে বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টা, বিদ্যুৎ সরবরাহে সন্তুষ্ট কারখানা ৩৮ থেকে কমে দাঁড়িয়েছে ৭ শতাংশে। ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানিকে এক নম্বর বাধা বলেছে। প্রতি কারখানায় জ্বালানি খরচ ৫ ও পরিবহন খরচ ১০ শতাংশ বেড়েছে এবং ৯৪ শতাংশ কারখানায় কাঁচামালের দাম বেড়েছে।
কর্মসংস্থান: কর্মসংস্থানের তথ্যে দেখা যায়, মোট শ্রমিক ১ শতাংশ কমেছে (১,৩৭,১০০ থেকে ১,৩৫,৭০০)। প্রতি কারখানায় নতুন নিয়োগ কমেছে, তা পূরণ হয়েছে বেশিরভাগই চলে যাওয়া শ্রমিকের জায়গায়।
ব্যবসায়িক মনোভাব: বিআইডিএস বলেছে, তিন মাস আগের তুলনায় নিজ কারখানার অবস্থার পাঁচটি সূচকই ৫০-এর নিচে (৩৬-৪৩)। আগামী তিন মাসের প্রত্যাশা ৪৯-৫৪ নম্বর পাওয়ার। উদ্যোক্তারা অবনতি থামানোর এবং উৎপাদন সামান্য বাড়ার আশা করছেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন, ‘ব্যবসা-বাণিজ্যে হয়রানি কমানো, প্রতিযোগিতা তৈরি এবং দেশীয় শিল্প সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। সিঙ্গেল উইন্ডো কার্যকর করতে কাজ করছি। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনতে ১৮ মাস সময় লাগবে। সবাই আশা করছে ২০২৭ সালে ব্যবসা-বাণিজ্য ভালো হওয়ার। এটি তৈরি হয়েছে সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে। যতটা কম সময়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করা যায়, সে লক্ষ্যে কাজ চলছে। সরকার দ্রুত ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করবে। এর মধ্য দিয়ে মাঠপর্যায়ের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে জানা যাবে।’
তিনি আরও জানালেন, জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনে সরকার সৌরবিদ্যুৎ এবং গ্যাসকূপ খননে কাজ করছে। প্রায় ৩০টি কূপ খনন করা হবে। এর মধ্যে পঁাচটির জন্য একনেকে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোর কাজ চলছে বলেও তিনি জানান।



