আওয়ামী লীগের আমলে বাড়িয়ে দেখানো হয়েছিল জিডিপি প্রবৃদ্ধি: বিবিএস

ছবি: আগামীর সময়
আওয়ামী লীগ সরকারের আমলে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছিল।
আজ শনিবার জিডিপি প্রবৃদ্ধি নিয়ে ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদনের বিষয়ে আয়োজিত সেমিনারে জানানো হয়েছে এ তথ্য। সেমিনারে বক্তারা জানান, রাজনৈতিক স্বার্থে এবং তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠায় এটি করা হয়েছে।
ফরেনসিক অডিটে উঠে এসেছে, ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের তুলনায় ০.৭ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়েছে।
২০১৪-১৫ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি কখনো ৭ শতাংশের বেশি আবার কখনো এর আশেপাশে ছিল। এরমধ্যে ২০১৮-১৯ অর্থবছরে তো তা পৌঁছে গিয়েছিল ৮ শতাংশের কাছাকাছি। তবে করোনার বছর ২০১৯-২০ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি কমে হয়েছিল ৩.৪৫ শতাংশ। বাংলাদেশের অর্থনীতি নানা সংকটে পড়ার কারণে ২০২২-২৩ অর্থবছর থেকে কমতে থাকে জিডিপি প্রবৃদ্ধি।
এ পরিসংখ্যান নিয়ে নানা সময় উঠেছিল প্রশ্ন। অর্থনীতিবিষয়ক শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সভাপতি ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ২০২৪ সালের নভেম্বরে বলেছিলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার জিডিপি প্রবৃদ্ধির যে পরিসংখ্যান দেখিয়েছিল তা সঠিক নয়।’
সেমিনারে বলা হয়, জিডিপি প্রবৃদ্ধি তৈরির জন্য ব্যবহৃত তথ্যের ৬০ শতাংশ ছিল বিবিএসের নিজস্ব জরিপের তথ্য। সেখানে কোনো হস্তক্ষেপ ছিল না। বাকি ৪০ শতাংশ তথ্য ব্যবহার করা হয় এনবিআর, বিনিয়োগ বোর্ডের মতো অন্য সরকারি প্রতিষ্ঠানের তথ্য থেকে। এসব তথ্যে গরমিল ছিল বলে জানানো হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ২০১৪-১৫ অর্থবছরের পর তথ্যের অতিমূল্যায়ন বেশি ছিল। পতিত সরকার এই পরিসংখ্যান ব্যবহার করে রাজনৈতিক বয়ান তৈরি করেছিল।
তিনি উল্লেখ করেন, যেসব তথ্য জরিপের বাইরে থেকে এসেছিল সেসব তথ্যে গরমিল ছিল। এখন উৎপাদন ও ব্যয় পদ্ধতিতে জিডিপি হিসাব করা হয়। আগামীতে আয় ভিত্তিক হিসাব পদ্ধতি চালুর চিন্তা করা হচ্ছে।
উপদেষ্টা আরও বলেন, আমাদের সরকারের কাছে জিপিডি কোনো সংখ্যাও নয়, আবার হাতিয়ারও নয়। আমরা চাই মানসম্মত ও সঠিক তথ্য।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. মাহবুব উল্লাহ এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি ড. সৈয়দ শাহাদৎ হোসেন।



