ফের পতন শেয়ারবাজারে

গ্রাফিকস: আগামীর সময়
দেশের শেয়ারবাজারে দুই কার্যদিবস বড় উত্থান ঘটার পর আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ফের দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ। তবে এর বিপরীতে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কিছুটা বেড়েছে।
এর আগে গত সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে শেয়ারবাজারে টানা দরপতন হলেও চতুর্থ ও পঞ্চম কার্যদিবসে বড় উত্থান দেখা যায়। বিশেষ করে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন বেড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যায়, যা ছিল এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। আজকের বাজারেও লেনদেনের শুরুতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে ঊর্ধ্বমুখিতার দেখা মিলে ছিল এবং প্রথম দুই ঘণ্টা এই ধারা অব্যাহত ছিল। তবে শেষদিকে ঢালাও দরপতনের কারণে দাম কমার তালিকা দীর্ঘ হয় এবং শেষ পর্যন্ত সূচক পতনের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়।
আজ দিনের লেনদেন শেষে ডিএসইতে মোট ১২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও বিপরীতে ২০০টি প্রতিষ্ঠানের দাম কমেছে এবং ৬৫টির দাম অপরিবর্তিত রয়েছে। মূল্যসূচক কমার পাশাপাশি বাজারটিতে লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে। আজ ডিএসইতে মোট ৫৫৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৬৪৫ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ৮৬ কোটি ৬৩ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি। আজ কোম্পানিটির ২৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া ২৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে দ্বিতীয় অবস্থানে রয়েছে এনভয় টেক্সটাইল এবং ১৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল।
এ ছাড়া ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো ইভিন্স টেক্সটাইল, মতিন স্পিনিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডরিন পাওয়ার, মালেক স্পিনিং, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এবং প্রভাতী ইন্স্যুরেন্স।
অন্যদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জের উল্টো চিত্র দেখা গেছে চট্টগ্রাম শেয়ারবাজারে (সিএসই)। সিএসইতে আজ লেনদেনে অংশ নেওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও ৬৯টির দাম কমেছে এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ক্রেতার কিছুটা ইতিবাচক অবস্থানের ফলে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়েছে। তবে বাজারটিতে লেনদেন কমে ১১ কোটি ২১ লাখ টাকায় দাঁড়িয়েছে, যেখানে আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৫২ লাখ টাকা।



