সোনারগাঁও টেক্সটাইলের ১৪৭ শতাংশ দর বৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইলের ব্যবসা ও আর্থিক দুরবস্থা থাকলেও গত ছয় মাসে এর শেয়ারদর ১৪৭ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী শেয়ারদরের এই বৃদ্ধি ঘটলেও বাস্তবে বছরের পর বছর লোকসান, ব্যাংকের ঋণ আদায়ে আইনি পদক্ষেপ এবং সম্পদের অস্তিত্ব নিয়ে কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে প্রশ্ন রয়েছে নিরীক্ষকের।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২৪ মার্চ কোম্পানিটির সমাপনী শেয়ারদর ছিল ৩৭ টাকা ৭০ পয়সা। সর্বশেষ গতকাল বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৯৩ টাকা ২০ পয়সায়।
সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন সোনারগাঁও টেক্সটাইলের পুঞ্জীভূত লোকসান ছিল ১৫ কোটি ৮৫ লাখ টাকা এবং ওই অর্থবছরে লোকসান হয়েছে ২ কোটি ১৩ লাখ টাকা। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। এর আগে ২০১৯-২০ থেকে ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে ছয় বছরের চার বছরই কোম্পানিটি লোকসান করেছে। এই অবস্থার কারণে কোম্পানিটির ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরীক্ষক।
আর্থিক হিসাবে দেখানো ৫৪ কোটি ৯৯ লাখ টাকার মজুদ পণ্য ও ৬৮ কোটি ৪৫ লাখ টাকার স্থায়ী সম্পদের অস্তিত্ব সরেজমিনে বা বিকল্প পদ্ধতিতে যাচাই করতে পারেননি নিরীক্ষক। একই সঙ্গে ১৪ কোটি ৭ লাখ টাকার কাঁচামাল কেনার উল্লেখযোগ্য অংশ নগদে হওয়ায় এর সত্যতা নিয়েও তিনি নিশ্চিত হতে পারেননি।
অন্যদিকে, ঋণ আদায়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রূপালী ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কোম্পানিটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া ২০১৯ ও ২০২২ সালের অবণ্টিত লভ্যাংশ এবং ১০ লাখ টাকার শ্রমিক অংশগ্রহণ তহবিলও বিতরণ করা হয়নি।
শেয়ারদর ও লেনদেন বাড়ার কারণে গত ৩ আগস্ট কোম্পানিটির কাছে ব্যাখ্যা চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। জবাবে কোম্পানিটি জানিয়েছে, লেনদেনে প্রভাব ফেলতে পারে এমন অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।



