৭৬ কোম্পানির ইপিএস: ৩৯টির কমেছে, বেড়েছে ৩৫টির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭৬টি কোম্পানির ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) পর্যালোচনায় দেখা গেছে, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৯টির ইপিএস কমেছে। বিপরীতে বেড়েছে ৩৫টির। অপরিবর্তিত রয়েছে দুটি কোম্পানির ইপিএস।
আজ রবিবার (১৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বিশ্লেষণে এসব জানা গেছে।
জানা গেছে, মোট কোম্পানির ৫১ দশমিক ৩২ শতাংশের ইপিএস কমেছে। আর বেড়েছে ৪৬ দশমিক ৫ শতাংশের। অপরিবর্তিত রয়েছে ২ দশমিক ৬৩ শতাংশের।
যেসব কোম্পানির দুই অর্থবছরেই মুনাফা ছিল, সেগুলোর মধ্যে ২৬টির ইপিএস বেড়েছে এবং ২২টির কমেছে। আগের বছর লোকসানে থাকলেও চলতি প্রান্তিকে মুনাফায় ফিরেছে তিনটি কোম্পানি—জেএমআই সিরিঞ্জ, পেনিনসুলা চিটাগাং ও রহিমা ফুড। অন্যদিকে আগের বছর মুনাফায় থাকলেও চলতি প্রান্তিকে লোকসানে পড়েছে সাতটি কোম্পানি—সিভিও পেট্রোকেমিক্যাল, খুলনা পাওয়ার, প্রিমিয়ার সিমেন্ট, শার্প ইন্ডাস্ট্রিজ, এম.এল ডাইং, ফার কেমিক্যাল ও এসিআই।
এ ছাড়া ছয়টি কোম্পানির লোকসান কমেছে। এর মধ্যে রয়েছে সেন্ট্রাল ফার্মা, গ্লোবাল হেভী কেমিক্যাল, সাফকো স্পিনিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন ও সিলভা ফার্মা। বিপরীতে ১০টি কোম্পানির লোকসান বেড়েছে।
ইপিএসের শতকরা পরিবর্তনের হিসাবে, দুই বছরেই মুনাফায় থাকা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে সোনারগাঁও টেক্সটাইলের। কোম্পানিটির ইপিএস ০.০০৫ টাকা থেকে বেড়ে ০.৩৩ টাকা হয়েছে, যা ৬ হাজার ৫০০ শতাংশ বেশি। অন্যদিকে সবচেয়ে বেশি কমেছে এসিআই ফরমূলেশনসের। কোম্পানিটির ইপিএস ১.৮৫ টাকা থেকে কমে ০.২২ টাকা হয়েছে, যা ৮৮ দশমিক ১১ শতাংশ কম।
তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিগুলোর ইপিএসের এই পরিবর্তনে মুনাফা ও লোকসান—দুই ক্ষেত্রেই চাপের চিত্র উঠে এসেছে। বিশেষ করে সাতটি কোম্পানির মুনাফা থেকে লোকসানে চলে যাওয়া এবং ১০টির লোকসান আরও বেড়ে যাওয়া উদ্বেগজনক।



