এটিবির বন্ড মূল বোর্ডে তালিকাভুক্তির নির্দেশ বিএসইসির

গ্রাফিকস: আগামীর সময়
অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত না হওয়া বন্ডগুলোকে মূল বোর্ডে তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে যেসব বন্ডের ক্ষেত্রে কমিশনের সম্মতিপত্রে (কনসেন্ট লেটার) এটিবিতে তালিকাভুক্তির শর্ত রয়েছে, সেসব বন্ডের ইস্যুয়ার কোম্পানিকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির জন্য আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
একইসঙ্গে বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত বন্ডগুলোও আগামী ৩০ নভেম্বরের মধ্যে মূল বোর্ডে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্টক এক্সচেঞ্জগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিএসইসির ১০৩৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব বন্ডের সম্মতিপত্রে এটিবিতে তালিকাভুক্তির শর্ত থাকলেও এখনো হয়নি, সেসব বন্ডের ইস্যুয়ার কোম্পানিকে নির্ধারিত সময়ের মধ্যে মূল বোর্ডে তালিকাভুক্তির আবেদন করতে হবে।
অন্যদিকে, বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত বন্ডগুলো মূল বোর্ডে স্থানান্তর বা তালিকাভুক্তির বিষয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলো। এ ক্ষেত্রে বিদ্যমান লিস্টিং রেগুলেশনস ও প্রয়োজনীয় তালিকাভুক্তির শর্ত অনুসরণ করে আবেদনগুলো বিবেচনা এবং স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এদিকে, তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালক সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হলেও ওই ব্যাংকে কোম্পানিটির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনা করতে বাধা থাকবে না।
বর্তমানে কমিশনের নির্দেশনা অনুযায়ী, ইস্যুয়ার কোম্পানির কোনো পরিচালক যে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, সেই ব্যাংকে সংশ্লিষ্ট কোম্পানির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনায় বিধিনিষেধ রয়েছে। কমিশন সভায় এ শর্ত শিথিল করে সংশ্লিষ্ট ব্যাংকে ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



