তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- পদ্মা অয়েল পিএলসি, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে ট্রাস্ট ইসলামী লাইফ ও লাভেলোর ক্ষেত্রে শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা এ লভ্যাংশ পাবেন।
আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিগুলোর লভ্যাংশের তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, পদ্মা অয়েল কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার ওপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ১৭ টাকা করে লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ টাকা ৪৭ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৫৭ টাকা ৩০ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২৮ টাকা ৩৩ পয়সা। আগের বছর যা ছিল ২৭৪ টাকা ৮৬ পয়সা। আলোচ্য বছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৬৩ টাকা ৭২ পয়সা, আগের বছর যা ছিল ঋণাত্মক ৩৯ টাকা ৮৩ পয়সা।
অন্যদিকে লাভেলো ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকরা এ লভ্যাংশ পাবেন না। সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকা ৬ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৭৫০টি শেয়ারের বিপরীতে মোট ৬ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৭৫০ টাকা লভ্যাংশ বিতরণ করা হবে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আগের অর্থবছরে পুনর্মূল্যায়নের পর যা ছিল ১ টাকা ৫৭ পয়সা। এ সময়ে শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১২ টাকা ৯২ পয়সা, আগের বছর যা ছিল ১১ টাকা ৪৪ পয়সা। শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৭ টাকা ৩৪ পয়সা, আগের বছর যা ছিল ৩ টাকা ২৮ পয়সা।
এ ছাড়া ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ২০২৫ সালের ব্যবসার ওপর ভিত্তি করে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা ২ কোটি ৪০ লাখ শেয়ারের বিপরীতে কোনো লভ্যাংশ দেওয়া হবে না। সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকা ১ কোটি ৬০ লাখ শেয়ারের বিপরীতে মোট ৮০ লাখ টাকা বিতরণ করা হবে। ২০২৫ সালে কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ পয়সা, আগের বছরও যা ছিল ২০ পয়সা। শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১২ টাকা ৫৫ পয়সা, আগের বছর যা ছিল ১২ টাকা ১৩ পয়সা। শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ১০ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৬১ পয়সা।
তথ্য অনুযায়ী, পদ্মা অয়েলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১ জানুয়ারি ২০২৭, লাভেলোর ২৯ ডিসেম্বর এবং ট্রাস্ট ইসলামী লাইফের ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পদ্মা অয়েলের রেকর্ড ডেট ২৯ নভেম্বর, লাভেলোর ৩০ নভেম্বর এবং টিলিলের ২৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।



