তিন কোম্পানির লোকসান বেড়েছে, একটির কমেছে

গ্রাফিকস: আগামীর সময়
শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ব্যবসায় মিশ্র চিত্র দেখা গেছে। এর মধ্যে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস), বিবিএস কেবলস ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারপ্রতি লোকসান বেড়েছে। তবে রেনউইক যজ্ঞেশ্বরের লোকসান কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের লোকসান সবচেয়ে বেশি বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০৩ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.০১ টাকা। এতে শেয়ারপ্রতি লোকসান ০.০২ টাকা বা ২০০ শতাংশ বেড়েছে। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১.৮৮ টাকা।
অন্যদিকে, বিবিএস কেবলসের শেয়ারপ্রতি লোকসান ৫০ শতাংশ বেড়েছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.২৯ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৮৬ টাকা। এতে শেয়ারপ্রতি লোকসান ০.৪৩ টাকা বেড়েছে। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১.৬৪ টাকা।
এদিকে, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের (বিবিএস) শেয়ারপ্রতি লোকসান ৪ শতাংশ বেড়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.২৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.২৩ টাকা। এতে লোকসান বেড়েছে ০.০১ টাকা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯.৫১ টাকা।
তবে লোকসানের এ ধারার বিপরীতে রেনউইক যজ্ঞেশ্বরের লোকসান কিছুটা কমেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৭০ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২.৯০ টাকা। ফলে শেয়ারপ্রতি লোকসান ০.২০ টাকা বা ৭ শতাংশ কমেছে। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬,০২৩.১২ টাকা।



