যুক্তরাষ্ট্র থেকে আবার বাড়তি দামে গম কিনছে সরকার
- ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র থেকে সরকার থেকে সরকার (জি-টু-জি) পর্যায়ে গম আমদানিতে ব্যয় বাড়ছে। গত বছরের ডিসেম্বর মাসে প্রতি টন গম ৩১২ দশমিক ২৫ মার্কিন ডলারে কিনেছিল সরকার। এবার একই দেশ থেকে প্রতি টন গম কেনা হচ্ছে ৩৪৭.৭৫ ডলারে। এবার ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে।
অর্থাৎ এক বছরের ব্যবধানে টনপ্রতি দাম বেড়েছে ৩৫ দশমিক ৫০ ডলার বা ১১ দশমিক ৩৭ শতাংশ। ৪ লাখ ৪০ হাজার টন গমের হিসাবে শুধু এ দরবৃদ্ধির কারণে বাড়তি ব্যয় হবে প্রায় ১৯৫ কোটি টাকা।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গত বুধবার রাতে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির প্রস্তাব অনুমোদিত হয়। গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, এবার ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। প্রয়োজনে এর সঙ্গে আরও ১০ শতাংশ বা ৪৪ হাজার টন গম কেনার সুযোগও রাখা হয়েছে। সব মিলিয়ে গম আমদানির পরিমাণ ৪ লাখ ৮৪ হাজার টন পর্যন্ত হতে পারে। তবে অতিরিক্ত গম কেনা হলে একই দর প্রযোজ্য হবে কি না, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা তা নিশ্চিত করে জানাতে পারেননি। এ গম সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড।
গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় ২ লাখ ২০ হাজার টন গম কেনার চুক্তি হয় টনপ্রতি ৩০২ দশমিক ৭৫ ডলারে। এরপর দ্বিতীয় দফায় একই পরিমাণ গম কেনা হয় ৩০৮ ডলারে। ডিসেম্বরে তৃতীয় দফায় আরও ২ লাখ ২০ হাজার টন গম কেনার অনুমোদন দেওয়া হয় ৩১২ দশমিক ২৫ ডলারে। অর্থাৎ প্রতিবারই যুক্তরাষ্ট্র থেকে গম কেনার দর বেড়েছে।
এবারের দর আগের তিন দফার তুলনায় বেশি। গত ডিসেম্বরে কেনা গমের দরের তুলনায় এবার টনপ্রতি ৩৫ দশমিক ৫০ ডলার বেশি দিতে হচ্ছে। আর গত বছরের জুলাইয়ের প্রথম দফার তুলনায় দাম বেড়েছে ৪৫ ডলার বা প্রায় ১৫ শতাংশ।



