সাক্ষাৎকার
ব্যাংকিং ও বন্দর জটিলতা নিরসনে পদক্ষেপ জরুরি

বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম
রপ্তানি খাতে সম্ভাবনার পাশাপাশি রয়েছে জ্বালানি সংকট, ব্যাংকিং জটিলতা ও একক পণ্যের অতিনির্ভরশীলতার চ্যালেঞ্জ । এসব নিয়েই আগামীর সময়ের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। সাক্ষাৎকার নিয়েছেন বিজনেস এডিটর মিজান চৌধুরী
প্রশ্ন: ইউরোপ-আমেরিকার বাইরে বাজার সম্প্রসারণে সরকারের বর্তমান উদ্যোগ এবং এর পেছনের প্রেক্ষাপট কী?
মোহাম্মদ হাতেম: সরকার ইউরোপ ও আমেরিকার বাইরে তৈরি পোশাক রপ্তানির বাজার সম্প্রসারণের জন্য নতুন করে ১২টি দেশকে টার্গেট বা নির্ধারণ করেছে। জাতীয় অর্থনীতিতে রপ্তানি বাণিজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, এর একটি বড় কাঠামোগত দুর্বলতা হলো তৈরি পোশাক খাতের মতো একক বা নির্দিষ্ট একটি খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি যেমন যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং নানামুখী ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতিকে সুরক্ষা দিতে এবং বাজারের পরিধি বাড়াতে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
প্রশ্ন: নতুন ১২টি দেশে বাজার সম্প্রসারণের সিদ্ধান্তকে বিকেএমইএ সভাপতি কীভাবে মূল্যায়ন করেছেন?
মোহাম্মদ হাতেম: আমি সরকারের এ উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী এবং একটি সঠিক সিদ্ধান্ত বলে মনে করি। বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, তারা নিজেরাই অভিজ্ঞ ব্যবসায়ী ও এ খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব হওয়ায় ব্যবসায়িক সংকট ও সম্ভাবনাগুলো গভীরভাবে অনুধাবন করতে পারেন। সরকারের নীতিনির্ধারক ও উচ্চপর্যায় থেকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ও ইতিবাচক মনোভাব পাওয়া যাচ্ছে।
প্রশ্ন: নতুন বাজারগুলোতে রপ্তানি প্রসারের ক্ষেত্রে এবং সামগ্রিক বাণিজ্যে প্রধান প্রতিবন্ধকতাগুলো কী কী?
মোহাম্মদ হাতেম: বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো একটিমাত্র পণ্যের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা, যা পুরো অর্থনীতিকে বড় ঝুঁকির মুখে ফেলে দেয়। অতীতে রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসের মতো বড় বড় দুর্ঘটনা এবং এর ফলে সৃষ্ট ইমেজ সংকট কাটিয়ে বিশ্বদরবারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে হয়েছে। বর্তমান সময়ে জ্বালানি সংকট (গ্যাস ও বিদ্যুৎ), ব্যাংক খাতের অসহযোগিতা, উচ্চ সুদের হার এবং বিভিন্ন লজিস্টিক জটিলতার কারণে উদ্যোক্তারা নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।
প্রশ্ন: চীনসহ অন্যান্য দেশের তুলনায় পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান এবং বিশ্ববাজারের গতি-প্রকৃতি কেমন?
মোহাম্মদ হাতেম: চীন বর্তমানে হাই-টেক ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকে পড়ায় এবং তাদের পোশাক খাতে মজুরি বেড়ে যাওয়ায় শ্রমিকরা অন্য পেশায় চলে যাচ্ছে, ফলে চীন ধীরে ধীরে এ খাত থেকে কিছুটা সরে দাঁড়াচ্ছে। বিশ্ববাজারে চীন কিছুটা পিছিয়ে পড়লেও আমেরিকা, ইউরোপ বা অন্যান্য অঞ্চলে ভিয়েতনাম এবং বাংলাদেশ তাদের বাজার দখল ও রপ্তানি বৃদ্ধি করে চলেছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো উন্নত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং নতুন বাজারগুলোতেও সম্ভাবনা তৈরি হচ্ছে।
প্রশ্ন: ব্যাংক খাত এবং আর্থিক সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে ব্যবসায়ীরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন?
মোহাম্মদ হাতেম: ব্যাংক খাতে তীব্র তারল্য সংকট, ঋণের উচ্চ সুদের হার এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও জটিলতা রয়েছে। বিশ্ববাজারে প্রতিযোগিতা করার জন্য যখন আর্থিক প্রণোদনা বা সহায়তা প্রয়োজন হয়, তখন ব্যাংক খাতের অসহযোগিতার কারণে ব্যবসায়ীরা অনেক সময় তা সময়মতো পান না। ব্যাংক খাতের সংস্কার এবং ব্যবসায়ীবান্ধব নীতি না থাকায় অনেক সম্ভাবনাময় উদ্যোগ মাঝপথে বাধাগ্রস্ত হচ্ছে।
প্রশ্ন: পোশাক খাতের পাশাপাশি অন্য খাতগুলোর সম্ভাবনা এবং ঝুঁকি কতটা?
মোহাম্মদ হাতেম: বিশ্ববাজারে ওষুধশিল্প, ফুটওয়্যার, লেদার গুডস এবং পাটজাত পণ্যের মতো খাতগুলোর বিরাট সম্ভাবনা ও গ্রহণযোগ্যতা রয়েছে। এজন্য পোশাকশিল্পের পাশাপাশি সম্ভাবনাময় অন্য খাতগুলোকেও সমান্তরালভাবে এগিয়ে নেওয়ার জন্য সরকারের নীতিনির্ধারণী ও আর্থিক সহায়তা অত্যন্ত জরুরি।
প্রশ্ন: বন্দর ব্যবস্থাপনা, কাস্টমস, বন্ড সুবিধা এবং টার্মিনাল পরিচালনার ক্ষেত্রে কী ধরনের জটিলতা বিদ্যমান?
মোহাম্মদ হাতেম: ডিপি ওয়ার্ল্ডের মতো আন্তর্জাতিক টার্মিনাল বা কনটেইনার হ্যান্ডলিংয়ে কোম্পানি আসার কারণে নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিবন্ধকতা দূর হবে। ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগের মাধ্যমে সেখানকার লেটেস্ট টেকনোলজি বা প্রযুক্তি দেশে আসবে। বন্ড সুবিধা এবং কাস্টমসের বিভিন্ন নিয়মকানুনের বেড়াজালে পড়ে অনেক সময় কাঁচামাল আমদানিতে ও পণ্য সময়মতো শিপমেন্ট করতে সমস্যা হয়। এ লজিস্টিক ও অবকাঠামোগত সমস্যাগুলো দূর করা গেলে রপ্তানি খাত আরও বেশি গতিশীল ও প্রতিযোগিতাপূর্ণ হতে পারত।



