তিন খাতে বিনিয়োগ করতে চায় জার্মানি

সংগৃহীত ছবি
চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ, পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশলসহ সম্ভাবনাময় শিল্প খাতে জার্মানির বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
গতকাল সোমবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের এক সৌজন্য বৈঠকে এ সহযোগিতা চাওয়া হয়।
খন্দকার আব্দুল মুক্তাদির উল্লেখ করেন, ‘তৈরি পোশাক খাতের মতো সাফল্য চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশল খাতেও অর্জন করা সম্ভব। চামড়াশিল্পে পানির ব্যবহার কমিয়ে, পরিচ্ছন্ন জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করা গেলে বিশ্ববাজারে বাংলাদেশ আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।’
এ সময় জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ চামড়া ও জাহাজ নির্মাণসহ সম্ভাবনাময় খাতগুলোতে জার্মানির আগ্রহের কথা জানিয়ে বললেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নে দুদেশের যৌথ কাজ করার প্রচুর সম্ভাবনা রয়েছে।



