সরকারি ক্রয় কার্যক্রমে উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন

সংগৃহীত ছবি
দেশের সরকারি ক্রয় কার্যক্রমকে ফলপ্রসূ ও অর্থবহ করার লক্ষ্যে সুপারিশ প্রদানের নিমিত্ত একটি উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন করেছে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামানকে কমিটির সভাপতি করা হয়েছে। গতকাল বাংলাদেশ গেজেটে প্রকাশিত মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়।
পুনর্গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ; নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এ ছাড়া কমিটির আরও সদস্য হলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মঈন উদ্দীন আহমেদ।
মন্ত্রিপরিষদ বিভাগের ১২ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।




