সংশোধিত বাজেট প্রণয়নে নির্দেশনা
অতিরিক্ত অর্থ বরাদ্দ বন্ধ
- এডিপিতে প্রকল্প সীমিত রাখার নির্দেশ
- অনুমতি ছাড়া উন্নয়ন খাতের অব্যয়িত অর্থ কোনোক্রমেই পরিচালনা খাতে নেওয়া যাবে না

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অর্থনীতিকে বড় ধরনের চাপের মুখে ফেলছে। কারণ, এতে বিপুল অঙ্কের ভর্তুকি গুনতে হচ্ছে সরকারকে। সম্প্রতি শ্রমিক অসন্তোষের কারণে শিল্পের উৎপাদন কমছে। এর আগে রাজনৈতিক পটপরিবর্তনে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। বিনিয়োগের মন্দা কাটছে না। কারণ রাজনৈতিক পরিস্থিতি এখনো ভালো হচ্ছে না। খরা কাটছে না রাজস্ব আদায়ের। চলতি অর্থবছরের প্রথম চার মাসে ঘাটতি ৫০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।
এমন পরিস্থিতিতে ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট (পরিচালন ও উন্নয়ন) প্রণয়নে কঠোর কৃচ্ছ্রসাধনের পথ বেছে নিয়েছে সরকার। সংশোধিত বাজেট প্রণয়নে নতুন কোনো অতিরিক্ত বরাদ্দ বা অযৌক্তিক ব্যয় বৃদ্ধির সুযোগ না রেখেই মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় পরিপত্র জারি করেছে।
সূত্রমতে, রাজস্ব আহরণ ও ব্যয়ের ক্ষেত্রে কঠোর শৃঙ্খলা বজায় রাখতে নতুন ভবন নির্মাণ, অপ্রয়োজনীয় গাড়ি ক্রয় এবং বিদেশ সফরে নিষেধাজ্ঞা আরোপ বহাল রাখা হয়েছে।
মন্ত্রণালয় ও বিভাগ সংশোধিত বাজেট প্রাক্কলন আগামী ২৬ নভেম্বরের মধ্যে অর্থ বিভাগের সংশ্লিষ্ট বাজেট অনুবিভাগ এবং পরিকল্পনা কমিশনের নির্ধারিত বিভাগে পাঠাতে নির্দেশ দেওয়া হয়।
জানতে চাইলে সাবেক সিনিয়র অর্থ সচিব মাহবুব আহমেদ আগামীর সময়কে বলেছেন, রাজস্ব আদায় বাড়েনি। ফলে আর্থিক চাপের মধ্যে সংশোধিত বাজেট প্রণয়নে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে রাজস্ব আদায় বাড়াতে হবে।
চলতি অর্থবছর বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, আয় ৭ লাখ ১ হাজার ১৫০ কোটি এবং ঘাটতি (অনুদানসহ) ২ লাখ ৩৬ হাজার ৮৫০ কোটি এবং অনুদান ছাড়া ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বছরের মাঝামাঝিতে অন্যান্য বছরের মতো বাজেট সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশোধিত বাজেট কঠোর শর্তাবলি
মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যে বরাদ্দ দেওয়া হয়েছে, সেটি ঠিক রেখে সংশোধন করতে হবে। কোনো অবস্থাতেই অতিরিক্ত কোনো বরাদ্দ দাবি করা যাবে না। পাশাপাশি অনুমতি ছাড়া উন্নয়ন বাজেটের অব্যয়িত অর্থ কোনোক্রমেই পরিচালনা বাজেটে স্থানান্তর করা যাবে না। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তাদের নীতি ও উদ্দেশ্য অর্জন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য মূল বাজেটের মোট ব্যয়সীমার ভেতরে থেকেই অর্থনৈতিক কোডের বরাদ্দ হ্রাস-বৃদ্ধি করতে পারবে।
ব্যয় হ্রাসের অংশ হিসেবে বেশ কিছু সুনির্দিষ্ট খাতে কঠোর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্থাপনা ব্যতীত পরিচালনা বাজেটের আওতায় নতুন কোনো আবাসিক, অনাবাসিক বা অন্যান্য ভবন নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ থাকবে। চলমান কাজের ক্ষেত্রে ন্যূনতম ৭০ শতাংশ সম্পন্ন হয়ে থাকলে অর্থ বিভাগের কেস-টু-কেস অনুমোদন সাপেক্ষে ব্যয় করা যাবে।
সব ধরনের মোটরযান, জলযান ও আকাশযান ক্রয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ থাকবে। তবে ১০ বছরের পুরনো টিওএন্ডইভুক্ত যানবাহন প্রতিস্থাপন এবং নবগঠিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থ বিভাগের পূর্বানুমোদন সাপেক্ষে তা কেনা যাবে। এক্ষেত্রে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা কার্যে ব্যবহৃত মোটরযান ছাড়া অন্যান্য ক্ষেত্রে নতুন ক্রয়কৃত জিপ বা কার অবশ্যই পূর্ণ বৈদ্যুতিক যান হতে হবে। পরিচালনা বাজেটে ভূমি অধিগ্রহণ খাতে কোনো বরাদ্দ রাখা যাবে না। এ ছাড়া সরকারি কর্মচারীদের গাড়ি ক্রয়ের সুদযুক্ত বিশেষ অগ্রিম কোডেও কোনো অর্থ বরাদ্দ রাখা যাবে না।
সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ বন্ধ রাখা হয়েছে। তবে অত্যন্ত জরুরি ও সীমিত ক্ষেত্রে অর্থ বিভাগের জারি করা বিশেষ পরিপত্র মেনে অনুমোদন নেওয়া যাবে।
রাজস্ব ও পরিচালনা ব্যয়ের প্রাক্কলন পদ্ধতি
পরিচালনা ব্যয়ের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল, ২০২৬ কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং অক্টোবর মাসের প্রকৃত ব্যয়কে ভিত্তি হিসেবে ধরতে হবে। অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা কিংবা পুনঃউপযোজনকৃত অর্থের যথাযথ প্রতিফলন সংশোধিত বাজেটে নিশ্চিত করতে হবে।
এডিপি ও স্কিম বাস্তবায়ন
উন্নয়ন বাজেট থেকে অর্থায়নকৃত স্কিম ও সংশোধিত এডিপি প্রণয়নের ক্ষেত্রে প্রকল্প সংখ্যা সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের কৌশলগত লক্ষ্য, নির্বাচনী ইশতেহার এবং মানবসম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সহায়ক খাতগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ধীরগতিসম্পন্ন প্রকল্প থেকে বরাদ্দ কমিয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য ও গুরুত্বপূর্ণ প্রকল্পে তা পুনর্বণ্টন করার নির্দেশনা রয়েছে।



