যমুনা ফিউচার পার্কে অনারের আলফা স্টোর চালু

সংগৃহীত ছবি
রাজধানীর যমুনা ফিউচার পার্কে দেশের প্রথম ‘আলফা স্টোর’ চালু করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অনার। এখানে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, স্মার্টঘড়িসহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন প্রযুক্তিপণ্যের অভিজ্ঞতা নিতে পারবেন গ্রাহকেরা।
রবিবার (১১ অক্টোবর) যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় স্টোরটির উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন অনারের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের খুচরা বিক্রয় বিভাগের প্রধান লিউ পেই হেইলি, বাংলাদেশে প্রতিষ্ঠানটির পরিচালক লাং গুও, ব্যবসাপ্রধান আবদুল্লাহ আল মামুন এবং পণ্য ও বিপণন বিভাগের পরিচালক সৈয়দ মো. বদরুল আরেফিন।
অনারের এ উদ্যোগের লক্ষ্য, বিভিন্ন প্রযুক্তিপণ্যকে একই ব্যবস্থার আওতায় এনে গ্রাহকদের সমন্বিত ব্যবহার-অভিজ্ঞতা দেওয়া। স্টোরটিতে গ্রাহকেরা দেখতে পারবেন, কীভাবে প্রতিষ্ঠানটির বিভিন্ন যন্ত্র পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে দৈনন্দিন কাজ সহজ করে।
লিউ পেই হেইলি বলেন, চীনের বাইরে এটি অনারের তৃতীয় আলফা স্টোর। নতুন প্রযুক্তির প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ বিবেচনায় এ উদ্যোগ গ্রাহকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
লাং গুও বলেন, স্টোরটিতে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য এক জায়গায় পাওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন যন্ত্রের পারস্পরিক সংযোগ ও ব্যবহারিক সুবিধা সরাসরি দেখার সুযোগ পাবেন গ্রাহকেরা।
স্টোরটিতে বিভিন্ন মডেলের স্মার্টফোনের পাশাপাশি ভাঁজযোগ্য ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, টেলিভিশন, তারবিহীন কানের যন্ত্র, হেডফোন ও স্মার্টঘড়ি রয়েছে। নতুন পণ্য ও প্রযুক্তি পর্যায়ক্রমে বাংলাদেশের বাজারে আনা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জেফার ও মাহতিম সাকিব। অনুষ্ঠানে অনারের ব্র্যান্ড দূত ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাইফ হাসানও উপস্থিত ছিলেন।



