সাউথইস্ট ব্যাংকের কৌশলগত ব্যবসায়িক উন্নয়ন সভা

টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংকের কৌশলগত ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান। বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক নাসির উদ্দিন আহমেদ, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির মনোনীত পরিচালক মো. রফিকুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক বিচারপতি মো. আজিজুল হকসহ ঊর্ধ্বতন নির্বাহী, আঞ্চলিক ও শাখা প্রধানরা। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম ও পরিচালনগত কর্মকাণ্ড বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ ছাড়া বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, নতুন ব্যবসায়িক সম্ভাবনা অনুসন্ধান এবং ২০২৬ সাল ও পরবর্তী সময়ে ব্যাংকের দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত করতে সুসংগঠিত কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।



