রাজশাহীর ৪০০ নারী উদ্যোক্তা পাচ্ছেন ডিজিটাল স্টোরের সুবিধা

সংগৃহীত ছবি
রাজশাহীর নারী উদ্যোক্তাদের অনলাইন ব্যবসা সম্প্রসারণে জেডকমার্সের সঙ্গে চুক্তি করেছে রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এসএসএলকমার্সের সহযোগিতায় পরিচালিত ই-কমার্স প্ল্যাটফর্ম জেডকমার্সের মাধ্যমে চেম্বারের ৪০০ সদস্য ডিজিটাল স্টোর তৈরি, নিরাপদ পেমেন্ট গ্রহণ এবং অনলাইনে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন।
গত বৃহস্পতিবার রাজশাহীতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগের মাধ্যমে নারী উদ্যোক্তারা স্থানীয় বাজারের গণ্ডি পেরিয়ে দেশের অন্যান্য অঞ্চলেও পণ্য বিক্রির সুযোগ পাবেন।
জেডকমার্স এমন একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, যার মাধ্যমে কোনো ধরনের কোডিং বা প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই অনলাইন স্টোর তৈরি ও পরিচালনা করা যায়। এতে পণ্যের তালিকা তৈরি, অর্ডার ও সরবরাহ ব্যবস্থাপনা, অনলাইন স্টোরের লিংক শেয়ার এবং এসএসএলকমার্সের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুবিধা রয়েছে। একটি ড্যাশবোর্ড থেকেই পণ্যের মজুত, অর্ডারের অবস্থা ও সরবরাহের তথ্য পর্যবেক্ষণ করতে পারবেন উদ্যোক্তারা।
এই অংশীদারত্বের মাধ্যমে রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যদের প্রাতিষ্ঠানিক সহায়তার সঙ্গে এসএসএলকমার্সের প্রযুক্তিগত সক্ষমতা যুক্ত হবে। এতে নারী উদ্যোক্তারা পেশাদার অনলাইন স্টোর ও ব্যবসা ব্যবস্থাপনার সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি স্থানীয় ব্যবসাকে ভৌগোলিক সীমার বাইরে সম্প্রসারণের পথ তৈরি হবে।
বাংলাদেশে বর্তমানে তিন লাখের বেশি ফেসবুকভিত্তিক ও অনলাইন ব্যবসা সক্রিয় রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এসব ব্যবসার আনুমানিক ৫০ শতাংশ নারীদের পরিচালিত অথবা নারীদের যৌথ মালিকানাধীন। তবে শহর ও জেলার বিভিন্ন অঞ্চলে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় কাঠামোগত ও সরবরাহসংক্রান্ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।
এসএসএলকমার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রাইয়ান এস. ইসলাম বলেছেন, ডিজিটালভাবে দক্ষ ও লেনদেনে স্বাধীন বাংলাদেশ গঠনে প্রতিষ্ঠানটির ভূমিকা রয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে জেডকমার্সের মতো ব্যবসাবান্ধব সমাধান তৈরি করা হয়েছে। এ উদ্যোগে রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে অংশীদার হিসেবে পেয়ে তারা আনন্দিত।
রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন বলেছেন, অনেক নারী উদ্যোক্তা নিজেদের প্রচেষ্টায় ব্যবসা গড়ে তুললেও স্থানীয় বাজারের বাইরে তা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সরঞ্জামের অভাব রয়েছে। জেডকমার্সের মাধ্যমে তাঁরা পেশাদার অনলাইন স্টোর, নিরাপদ পেমেন্ট এবং দেশজুড়ে পণ্য বিক্রির সুযোগ পাবেন।
চুক্তি স্বাক্ষরের পর চেম্বারের সদস্যদের জন্য ডিজিটাল ব্যবসা পরিচালনাবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে অনলাইন স্টোর তৈরি, পণ্যের তালিকা উন্নয়ন, অর্ডার অনুসরণ, স্থানীয় সরবরাহ ব্যবস্থাপনা, নিরাপদ ডিজিটাল পেমেন্ট, অনলাইন বিক্রির নিরাপত্তা এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচার ও গ্রাহক সম্পৃক্ততা বাড়ানোর কৌশল শেখানো হয়। পাশাপাশি জেডকমার্স প্ল্যাটফর্মের ব্যবহারিক প্রদর্শনী এবং অনলাইনে বিক্রি শুরু করতে আগ্রহীদের ব্যক্তিগত সহায়তা দেওয়া হয়।



