বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ল’ ফেস্ট সমাপ্ত

সংগৃহীত ছবি
বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘ল’ ফেস্ট ২০২৬’ এবং বিভাগের ৫৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান শেষ হয়েছে। গত রোববার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাপনী অনুষ্ঠান হয়। গত ২০ নভেম্বর শুরু হওয়া এই আয়োজনে গবেষণা উপস্থাপনা, মুট কোর্ট, ক্যারিয়ার মেলা, বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। এতে আইন বিভাগের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, সমাজ গঠন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আইন পেশায় সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি মন্তব্য করেন, আইন পেশাকে শুধু অর্থ উপার্জনের মাধ্যম ভাবা উচিত নয়; মানুষের প্রতি দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে কাজ করতে হবে।
ঢাকা শহরকে অবৈধ হকারমুক্ত করার প্রসঙ্গ তুলে ধরেন ডিএনসিসি প্রশাসক। তিনি উল্লেখ করেন, মিরপুর-১০ ও মিরপুর-১-সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অবৈধ হকার উচ্ছেদ করা হয়েছে এবং পর্যায়ক্রমে মোহাম্মদপুরসহ অন্য এলাকাগুলোকেও হকারমুক্ত করা হবে। হকার উচ্ছেদের পর ফাঁকা ফুটপাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত বৃক্ষরোপণ করা হচ্ছে এবং রাজধানীতে ইতিমধ্যে প্রায় এক লাখ গাছ লাগানো হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ঢাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি আয়োজক শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে। ন্যায়বিচার নিশ্চিত করতে শিক্ষার্থীদের দক্ষ ও দায়িত্বশীল আইনজীবী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি এবং ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল বলেন, আইন পেশায় সফল হতে হলে কঠোর পরিশ্রম ও বড় স্বপ্ন দেখার পাশাপাশি সততা, নৈতিকতা ও ভালো চরিত্র ধরে রাখতে হবে।
স্বাগত বক্তব্যে কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ উৎসাহব্যঞ্জক। আদালতে বক্তব্য উপস্থাপন ও আইনি নথি তৈরির মতো ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে এ বিভাগ দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান আইন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।
ধন্যবাদ জ্ঞাপন করে আইন বিভাগের চেয়ারম্যান কাজী লতিফুর রেজা বলেন, প্রায় চার মাসের পরিকল্পনায় তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয়ে এই আয়োজন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য। শেষে ব্যান্ডদল ‘শিরোনামহীন’-এর পরিবেশনায় মেতে ওঠেন উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা।



