বিইউবিটি ডিনস কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই ও সিএসএআই অনুষদ

সংগৃহীত ছবি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘বিইউবিটি ডিনস কাপ ২০২৬’ আন্তবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং মেয়েদের বিভাগে সিএসএআই অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ চ্যাম্পিয়ন হয়েছে। বিইউবিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে ২৭ থেকে ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
আজ রবিবার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন বিইউবিটির কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সরফরাজ হামিদ।
আয়োজকরা জানান, এবারের আসরে ছেলেদের বিভাগে ৯টি বিভাগের দল অংশ নেয়। ফাইনালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগকে ৩৭ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সিএসই বিভাগ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ রান সংগ্রাহক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সিহাব এবং সেরা বোলার হন রানার্সআপ দলের আবির।
অন্যদিকে মেয়েদের বিভাগে চারটি অনুষদের দল অংশগ্রহণ করে। ফাইনালে আইন অনুষদকে (ফ্যাকাল্টি অব ল) হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিএসএআই অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ। এই বিভাগের সেরা খেলোয়াড় ও সেরা ব্যাটার নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সামরিনা এবং সেরা বোলার হন নুসরাত।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও সদস্যসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।



